ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
লখনউয়ের গরম সম্বন্ধে কমবেশি সকলেরই ধারণা রয়েছে। মে মাসে সেখানকার আবহাওয়া তপ্ত হওয়াই স্বাভাবিক। তাই পোষ্য সারমেয়কে হাঁটতে নিয়ে বেরোনোর এক অভিনব উপায় খুঁজে বার করলেন এক প্রৌঢ়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়, যা দেখে ক্ষুদ্ধ হলেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পোষ্য সারমেয়কে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছেন এক প্রৌঢ়। কিন্তু কুকুরটি হাঁটলেও, প্রৌঢ় হাঁটছেন না। প্রৌঢ় বসে রয়েছেন স্কুটারের উপর। সেটিকে ধীর গতিতে চালিয়ে এগিয়ে যাচ্ছেন। এক হাতে ধরেছেন বাইকের হ্যান্ডল, অপর হাতে ধরে রেখেছেন কুকুরের গলায় থাকা বেল্টের সঙ্গে বাঁধা লিস। স্কুটারের গতির সঙ্গে তাল মেলাতে কুকুরটি দৌড়োচ্ছে। গরমে যে সারমেয়টির কষ্ট হচ্ছে তা তার চলন দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু সে দিকে প্রৌঢ়ের হুঁশ নেই। তিনি স্কুটার নিয়ে ধীর গতিতে এগিয়ে যেতে ব্যস্ত। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘অধ্যয়ন_পান্ডে_জি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৭৫ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘জীবনে প্রথম বার এমন রাজকীয় চালে কাউকে কুকুর হাঁটাতে দেখলাম।’’ অপর এক নেটাগরিক প্রৌঢ়কে ‘লখনউয়ের আসল নবাব’ বলেছেন।