সইফকে বিয়ের আগে সানির সঙ্গে প্রেম ভেঙেছিলেন অমৃতা? ছবি: সংগৃহীত।
একটা সময় ছিল, যখন তারকারা নিজেদের বিয়ে-প্রেমের সম্পর্কগুলো আড়ালে রাখার চেষ্টা করতেন। যার ফলে নায়ক-নায়িকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিস্তর জলঘোলা হত। তবে অভিনেত্রী অমৃতা সিংহ বরাবরই স্পষ্টবাদী ছিলেন। তিনি স্বচ্ছতায় বিশ্বাসী। তাই সানি দেওলের সঙ্গে সম্পর্কে জড়িয়েও অল্প দিনের মাথায় তা ভেঙে দেন। কী ঘটেছিল?
অভিনয়জীবন শুরুর আগেই লন্ডনের মেয়ে পূজাকে বিয়ে করেছিলেন সানি। সেটিও প্রেম করেই বিয়ে। কিন্তু নিজের বিয়ের কথা ইন্ডাস্ট্রির সবার থেকে আড়ালে রাখেন অভিনেতা। বলিপাড়ায় ‘বেতাব’ ছবির মাধ্যমে হাতেখড়ি হয় নায়কের। সেই ছবির নায়িকা ছিলেন অভিনেত্রী অমৃতা। তার পর থেকেই তাঁদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। শোনা যায়, কিছু না জেনেই সানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অমৃতা। তবে খুব বেশি দিন সেই সম্পর্ক গড়ায়নি। অমৃতার ঘনিষ্ঠ সূত্রে খবর, সম্পর্ক শুরুর কিছু দিনের মধ্যেই নায়কের সত্যি জানতে পারেন তিনি। কখনও চাননি, তাঁর কারণে কারও সংসার ভেঙে যাক। তাই প্রেমের কয়েক মাসের মাথায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অমৃতা।
পরে অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সংসার পেতেছিলেন অমৃতা। বয়সে ছোট সইফের সঙ্গে অনেক বছর সংসার করেছিলেন। সইফ এবং অমৃতার দুই সন্তান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। সইফের সঙ্গেও অমৃতার সংসার যদিও টেকেনি। নায়ক আবার ঘর পেতেছেন করিনা কপূর খানের সঙ্গে। অমৃতা আর বিয়ে করেননি। দুই সন্তানকে নিয়ে তাঁর সুখের সংসার।