Indian Students Attacked in Russia

ভারতীয় পড়ুয়াদের আঘাতের সময় নাৎসি স্লোগান! রক্ত দিয়ে দেওয়ালে আঁকা হয় ‘স্বস্তিকা’ও, কী ঘটেছিল রুশ বিশ্ববিদ্যালয়ে

হামলাকারীর নাম বা পরিচয় সরকারি ভাবে এখনও প্রকাশ করেনি রুশ সরকার। তবে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, কিশোর একটি নিষিদ্ধ নব্যনাৎসি সংগঠনের সদস্য, যার নাম ‘ন্যাশনাল সোশ্যালিজ়ম’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৭
Share:

রাশিয়ার মেডিক্যাল কলেজের হস্টেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে হামলাকারী কিশোরকে। ছবি: এক্স।

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলায় জখম হয়েছেন চার ভারতীয় পড়ুয়া। রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন তাঁরা। শনিবার বাশকোর্তোস্তান প্রদেশের উফায় স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আচমকা ছুরি নিয়ে ঢুকে পড়ে ১৫ বছর বয়সি এক কিশোর। ওই হস্টেলে বিদেশি ছাত্রছাত্রীরা থাকেন। সেখানে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে কিশোর। অভিযোগ, হামলার সময়ে সে নাৎসি স্লোগান দিচ্ছিল। এমনকি, হস্টেলের দেওয়ালে রক্ত দিয়ে ‘স্বস্তিকা’ চিহ্নও আঁকা হয়েছে। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে।

Advertisement

হামলাকারীর নাম বা পরিচয় এখনও প্রকাশ করেনি রুশ সরকার। তবে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কিশোর একটি নিষিদ্ধ নব্যনাৎসি সংগঠনের সদস্য, যার নাম ‘ন্যাশনাল সোশ্যালিজ়ম’। হোয়াইট পাওয়ার নামেও ওই সংগঠন পরিচিত। ২০২১ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট সংগঠনটিকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল। এর আগেও রাশিয়ার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে এই সংগঠনের নাম জড়িয়েছিল। একাধিক হামলার দায় তারা স্বীকার করেছে।

অভিযোগ, মেডিক্যাল পড়ুয়াদের হস্টেলে হামলা চলাকালীন ‘হলোকস্ট’-এর সমর্থনে স্লোগান দিচ্ছিল কিশোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডল্‌ফ হিটলারের নির্দেশে ইউরোপে ইহুদিদের উপর যে নৃশংস হত্যালীলা চালানো হয়েছিল, তা ‘হলোকস্ট’ নামে পরিচিত। মনে করা হচ্ছে, হস্টেলের দেওয়ালে জখম পড়ুয়াদের রক্ত দিয়েই ‘স্বস্তিকা’ চিহ্ন আঁকা হয়েছে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে রাশিয়ার পুলিশ। গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এই সময় দু’জন পুলিশ আধিকারিকও ছুরির আঘাতে জখম হয়েছেন। এমনকি, অভিযুক্ত নিজেকেও ছুরি দিয়ে রক্তাক্ত করেছে বলে জানিয়েছে প্রশাসন। আপাতত চার ভারতীয় পড়ুয়ার সঙ্গে সে-ও হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রাশিয়ার স্বাস্থ্য দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, জখম চার জনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারী কিশোরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, হামলার পর চারদিকে রক্ত ছড়িয়ে ছিল। রক্ত ছাড়া আর কিছু দেখাই যাচ্ছিল না। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হামলাকারীকে পাঁজাকোলা করে তুলে নিয়ে বরফে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর দিয়ে হেঁটে যাচ্ছে পুলিশ। তবে ওই সমস্ত ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই ঘটনা নিয়ে রাতেই রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়েছে। আহত পড়ুয়াদের সহায়তা করা হচ্ছে। এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement