Advertisement
E-Paper

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ধারালো অস্ত্রের কোপে জখম চার ভারতীয় পড়ুয়া! ছুরি নিয়ে অতর্কিতে চড়াও হয় এক কিশোর

রাশিয়ার উফায় স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিদেশি পড়ুয়াদের হস্টেলে আচমকাই ছুরি নিয়ে প্রবেশ করে এক কিশোর। হস্টেলে থাকা পড়ুয়াদের উপরে হামলা চালাতে শুরু করে সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

— প্রতীকী চিত্র।

রাশিয়ার উফায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হল চার ভারতীয় পড়ুয়াকে। জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এক কিশোর ছুরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে চড়াও হয়। হামলায় অন্তত ছ’জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। রাশিয়ায় ভারতীয় দূতাবাস জানাচ্ছে, ওই হামলায় চার ভারতীয় পড়ুয়াও জখম হয়েছেন।

শনিবার ঘটনাটি ঘটেছে রাশিয়ার বাশকোর্তোস্তান প্রদেশের উফায়। সেখানে স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির বিদেশি পড়ুয়াদের হস্টেলে আচমকাই ছুরি নিয়ে প্রবেশ করে এক কিশোর। হস্টেলে থাকা পড়ুয়াদের উপরে হামলা চালাতে শুরু করে সে। রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক (স্বরাষ্ট্র মন্ত্রক) জানিয়েছে, ছুরিকাঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। রুশ অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্‌ক বলেন, “হামলাকারীকে গ্রেফতার করার সময়ে দু’জন পুলিশকর্মীও ছুরিকাঘাতে জখম হন। হামলাকারী নিজেরও ক্ষতি করার চেষ্টা করে।”

তবে ওই হামলাকারী পড়ুয়ার নাম প্রকাশ করেনি রুশ প্রশাসন। হামলাকারী কোন দেশের নাগরিক, তা-ও জানানো হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে প্রাথমিক ভাবে জানা যায়, আক্রান্তদের মধ্যে অন্তত এক জন ভারতীয় ছিলেন। পরে রাশিয়ার ভারতীয় দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, উফা শহরের ঘটনায় চার ভারতীয় পড়ুয়া-সহ বেশ কয়েক জন হামলায় জখম হয়েছেন। দূতবাস এই ঘটনার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। কাজ়ানে ভারতীয় কনস্যুলেটের আধিকারিকেরা ওই পড়ুয়াদের প্রয়োজনীয় সাহায্যের জন্য উফার উদ্দেশে রওনা দিয়েছেন।

attack Russia India-Russia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy