কোন ক্যানসারের টিকা কোন বয়সে নিতে হবে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ক্যানসারের আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বিভিন্ন রকম গবেষণা চলছে। বর্তমানে ক্যানসার প্রতিরোধে বেশ কয়েক প্রকার প্রতিষেধকও চলে এসেছে বাজারে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রতিষেধক যা জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ করতে পারে এবং হেপাটাইটিস বি টিকা যা লিভার ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। কিন্তু এখনও অনেক টিকা গবেষণার স্তরে রয়েছে। দেশেও এমন কিছু প্রতিষেধক নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। তবে এখন দেশে যে টিকাগুলি পাওয়া যায়, সেগুলির সম্পর্কে জেনে রাখা জরুরি।
জরায়ুমুখের টিকা বা এইচপিভি ভ্যাকসিন
জরায়ুমুখের ক্যানসারের জন্য দায়ী ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি)। এর ২০০ রকম প্রজাতি রয়েছে, যার মধ্যে ১২টি ক্যানসারের জন্য দায়ী। এইচপিভি ভাইরাস ঠেকাতে প্রতিষেধক দেওয়াই সবচেয়ে আগে জরুরি। ৯ থেকে ৪৫ বছর বয়স অবধি টিকা নেওয়া যাবে। তবে বয়স অনুপাতে টিকার ডোজ় ভিন্ন হবে। টিকা নেওয়া আদর্শ বয়স ৯ বছর। কারণ এই বয়সে টিকা নিলে ভাইরাসটির সংস্পর্শে আসার আগেই সুরক্ষাবলয় তৈরি হয়ে যায়। সাধারণত এই বয়সে দু’টি ডোজ়ে টিকা নিতে হবে ৬-১২ মাসের ব্যবধানে। ১১ থেকে ১২ বছরেও টিকা নেওয়া যাবে দু'টি ডোজ়ে। বয়স ১৫ বছর বা তার বেশি হলে তিনটি ডোজ়ে টিকা নিতে হবে। প্রথম ডোজ় নেওয়ার ১ থেকে ২ মাস পরে দ্বিতীয় ডোজ় এবং ৬ মাস পরে তৃতীয় ডোজ় নিতে হবে। ২৭ থেকে ৪৫ বছর বয়সে টিকা নিতে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চার রকমের টিকা রয়েছে দেশে— সার্ভাভ্যাক, গার্ডাসিল ৪, সার্ভারিক্স এবং গার্ডাসিল ৯, যেগুলির দাম ২ থেকে ৪ হাজার টাকার মধ্যে।
হেপাটাইটিস বি টিকা
হেপাটাইটিস বি ভাইরাস লিভার ক্যানসার বা সিরোসিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই টিকা সরাসরি ক্যানসারের টিকা না হলেও এটি পরোক্ষ ভাবে লিভার ক্যানসার প্রতিরোধ করে। হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রায় ৬০ বছর বয়স অবধি নেওয়া যায়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা কখন নেবেন, তা ঠিক করতে হবে। সাধারণত ৩টি ডোজে টিকা নিতে হবে। বেসরকারি হাসপাতালে টিকার খরচ ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
বিসিজি টিকা
বিসিজি টিকা সাধারণত যক্ষ্মা প্রতিরোধে ব্যবহৃত হয় বলেই জানা আাছে। তবে চিকিৎসা বিজ্ঞানে এই টিকার একটি বিশেষ ব্যবহার রয়েছে, তা হল এটি মূত্রথলির ক্যানসার প্রতিরোধ করতে পারে। তবে এটির ব্যবহার হয় ক্যানসারের চিকিৎসা চলাকালীন। মূত্রথলির ক্যানসার ধরা পড়েছে বা অস্ত্রোপচারে টিউমার বাদ দেওয়া হয়েছে যাঁদের, পরবর্তী চিকিৎসা হিসেবে তাঁদের এটি দেওয়া হয়ে থাকে যাতে ক্যানসার আর ফিরে না আসে।