Rahul Arunoday Banerjee Death

‘ন্যায়বিচার চাই’, রাহুলের স্মরণে পদযাত্রার আয়োজন যিশু-সৃজিতদের, কী বললেন ফেডারেশন সভাপতি?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউ। এ বার অভিনেতার স্মরণে পদযাত্রার আয়োজন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:৫৮
Share:

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে পদযাত্রার আয়োজন টলিউডের। ছবি: সংগৃহীত।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউ। তালসারিতে শুটিংয়ের মাঝে ঠিক কী ঘটেছিল? উঠে আসছে নানা ধরনের তথ্য। প্রশ্ন উঠেছে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস্’-এর নিরাপত্তা নিয়ে। এ বার অভিনেতার স্মরণে পদযাত্রার আয়োজন করা হয়েছে।

Advertisement

ফেডারেশন সভাপতি সমাজমাধ্যমে পদযাত্রার বিবরণী ভাগ করে লিখেছেন, “প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ এবং শিহরিত। এই ঘটনা আবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী এবং কলাকুশলীদের সুরক্ষাব্যবস্থাকে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা চাই এই ঘটনার নেপথ্যের আসল সত্যি সকলের সামনে আসুক। তাই আগামিকালের (শনিবার, ৪ এপ্রিল) প্রতিবাদে আমি অবশ্যই থাকব।”

দেখা যাচ্ছে, টলিপাড়ার বিশিষ্ট অভিনেতারা ‘ইম্পা’, ‘ফেডারেশন’, ‘পশ্চিমবঙ্গ আর্টিস্ট ফোরাম’ এবং ‘টেলিভিশন প্রযোজক’-দের এই পদযাত্রায় শামিল হওয়ার আবেদন জানিয়েছেন। সেই সমর্থনে স্বরূপ জানিয়েছেন তিনি উপস্থিত থাকবেন। ‘জাস্টিস ফর রাহুল’ এই পদযাত্রার আয়োজক হিসাবে নাম রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রানা সরকার, সৌরভ দাস, সৌরভ পালোধি, রূপাঞ্জনা মিত্র, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের।

Advertisement

তবে, বৃহস্পতিবার আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছিল, “আগামী শনিবার, ৪ এপ্রিল বিকেল চারটে থেকে সদ্য ঘটে যাওয়া রাহুলের মর্মান্তিক পরিণতির প্রতিবাদে একটা মিছিল করার আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে আর্টিস্ট ফোরামকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। আমরা সংগঠক হিসাবে এর আহ্বায়ক নই, এতে অংশগ্রহণকারীও নই। তবে কোনও শিল্পী ব্যক্তিগত ভাবে যদি এই মিছিলে অংশগ্রহণ করতে চান, নিশ্চয়ই করতে পারেন। তাতে আমাদের সংগঠনের আপত্তি নেই।” শনিবার এই পদযাত্রায় কোন কোন তারকাদের দেখা যাবে সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement