Ishaa Saha And Politics

ভাই-বোনের মধ্যেই তো রাজনীতি, আইনজীবী থাকাকালীন দেখেছি! টলিউডের ‘পলিটিক্স’ প্রসঙ্গে ইশা

“অবশ্যই খারাপ লাগে। তার পরেই মনে হয়, নিশ্চয়ই মিটে যাবে। সমাধান নেই, এ রকম কোনও সমস্যাই নেই”, দাবি ইশার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭
Share:

ইশা সাহা রাজনীতির শিকার? ছবি: ফেসবুক।

টলিউডে রাজনৈতিক ছবি হাতেগোনা। দুলাল দে-র আগামী ছবি ‘ফাঁদ’ সেই ঘরানার। ছবিতে নায়িকার ভূমিকায় ইশা সাহা। বিপরীতে দুই নায়ক অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। রবিবার ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক। সেই অনুষ্ঠানে বাংলা বিনোদনদুনিয়ার রাজনীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর মুখোমুখি ইশা।

Advertisement

বাংলায় রাজনৈতিক ছবি এত কম হয় কেন? কী মত নায়িকার? ইশার যুক্তি, “আমার মতে, বাংলার দর্শকমনে রাজনৈতিক ছবি সম্ভবত গাঢ় ছাপ ফেলতে পারেনি। তাই হয়তো এই ধারার কম সংখ্যক ছবি তৈরি হয়।” ইশা কিছু দিন আগে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের রাজনৈতিক কমেডি ‘একটু সরে বসুন’-এ অভিনয় করেছিলেন। সেই ছবির ফলাফল দেখেই তাঁর এ রকম ধারণা, জানালেন তিনি। তবে দুলালের ছবি তাঁর ছেলেবেলা, কলেজবেলা ফিরিয়ে দিয়েছে, ‘ফাঁদ’-এর কথা বলতে গিয়ে জানালেন ইশা।

আইনজীবী থেকে অভিনেত্রী। দুটো পেশা দু’রকমের। দুটো পেশায় রাজনীতিও কি ভিন্ন ধারার?

Advertisement

রাজনীতি ঘরে-বাইরে সর্বত্র, সকলের আগে এ কথা জানিয়েছেন ইশা। তাঁর মতে, “রাজনীতি কোথায় নেই বলতে পারেন? সংসারে, বন্ধুত্বে, কর্মজীবনে— সমাজের তৃণমূল স্তর থেকে একেবারে উপরমহল পর্যন্ত রাজনীতি ছড়ানো।” তার পরেও রাজনীতি আর রাজনৈতিক মহলের মধ্যে অবশ্যই ফারাক রয়েছে, এ কথা তিনি মানেন। আর দুই ধারার পেশায় যে রাজনীতি বর্তমান, সে কথাও স্বীকার করেছেন তিনি। “সবাই রাজনীতির শিকার। আমিও রাজনীতির শিকার হয়েছি”, অকপট ইশা।

বাংলা ছবিতে রাজনীতি না হয় দর্শকমনে দাগ কাটতে পারেনি। কিন্তু বাংলা বিনোদনদুনিয়ার বর্তমান ‘রাজনীতি’ যে সাধারণের আলোচনার বিষয় হয়ে উঠেছে। টলিউডের ‘পলিটিক্স’ নিয়ে কী বলবেন? ইশা কিন্তু বিষয়টি এড়িয়ে যাননি। অস্বীকারও করেননি। তাঁর উপলব্ধি, “ভাই-বোনের মধ্যেও পলিটিক্স আছে। যাঁরা বলেন, তাঁদের সংসারে এরকম কিছু ঘটে না, তাঁরা মিথ্যা বলেন। আইনজীবী থাকাকালীন নিজের চোখে দেখেছি।” টলিউড এর বাইরে নয়। তবে ক্রমাগত তা বা়ড়ছে, এটা কষ্ট দিচ্ছে তাঁকে। ইশার খারাপ লাগছে। পাশাপাশি, এ-ও আশা করছেন, সমাধান নেই, এ রকম কোনও সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মেটানো সম্ভব। ইশার তাই আশা, টলিউডের যাবতীয় সমস্যা একদিন আলোচনার মাধ্যমেই মিটবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement