Bollywood News

ছবির প্রচারে উধাও কাহিনির নায়ক দিলজিৎ! প্রশ্ন উঠতে কী উত্তর দিলেন পরিচালক ইমতিয়াজ়?

সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন ইমতিয়াজ় আলি। তিনি খোলসা করেন যে, দিলজিৎ ইচ্ছাকৃত ভাবে প্রচার এড়িয়ে যাচ্ছেন না। বরং বিদেশে একাধিক কনসার্টে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৮:২৭
Share:

দিলজিতকে নিয়ে কী বললেন ইমতিয়াজ়? ছবি: সংগৃহীত।

ইমতিয়াজ় আলি পরিচালিত প্রেমের ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ মুক্তি পেয়েছে শুক্রবার। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শর্বরী, বেদাঙ্গ রয়না, দিলজিৎ দোসাঞ্জ। গত কয়েক মাসে চুটিয়ে চলেছে ছবির প্রচার। যেখানে বেশির ভাগ সময়েই দেখা মিলেছে শুধু বেদাঙ্গ এবং ইমতিয়াজ়ের। ছবির প্রচারে দিলজিৎ এবং শর্বরীর অনুপস্থিতি নিয়ে উঠেছে হাজার প্রশ্ন।

Advertisement

সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন ইমতিয়াজ়। তিনি জানান, দিলজিৎ ইচ্ছাকৃত ভাবে প্রচার এড়িয়ে যাচ্ছেন না। বরং বিদেশে একাধিক কনসার্টে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। একই ভাবে শর্বরীও বিদেশে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

ছবির একটি দৃশ্যে বেদাঙ্গ এবং শর্বরী। ছবি: সংগৃহীত।

ইমতিয়াজ় বলেন, “দিলজিৎ এখানে নেই। তিনি বিদেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে ব্যস্ত। শর্বরীও বিদেশে শুটিং করছেন। আমরা যখন ছবির মুক্তির তারিখ ঠিক করি, তখনই জানতাম এই পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি ছবির শুটিংয়ের জন্য যখন দিলজিতের সময় নেওয়া হয়েছিল, তখনই এটা আন্দাজ করেছিলাম। জানতাম যে মুক্তির সময় তিনি কনসার্টে ব্যস্ত থাকবেন। কিন্তু, তখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, ছবির জন্য সঠিক অভিনেতা নির্বাচন করা। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু ছিল না।”

Advertisement

সমাজমাধ্যম ছাড়া আর কোথাও কারও সঙ্গে কথা বলেননি দিলজিৎ। এটা কি কোনও প্রচারকৌশল? এই বিষয়ে প্রশ্ন করা হয় পরিচালককে। উত্তরে তিনি বলেন, “আমাদের এমন কোনও বিশেষ কৌশল নেই যে, আমরা প্রচার করব না। আমরা বরাবরই প্রচার করে এসেছি, কারণ আমরা চাই আমাদের ছবি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছোক।”

অভিনেতারা কি বিতর্ক এড়াতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন না? এমন প্রশ্নও ধেয়ে আসে। এই প্রশ্নের উত্তরে ইমতিয়াজ় বলেন, “আমি তা মনে করি না। কেউ যদি প্রচারে যোগ না দেন, সেখানে অন্য কোনও ভাবনা কাজ করতে পারে। হতেই পারে তিনি মনে করেন যে, এতে ছবির সাফল্যে খুব বেশি প্রভাব পড়বে না।”

এর আগেও ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানে দিলজিতের অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময়ে একটি ভিডিয়োবার্তায় শিল্পী জানান, তিনি আমেরিকায় একটি কনসার্ট নিয়ে ব্যস্ত। ভিডিয়োতে তিনি বলেন, “আমি আমেরিকায় আছি, তাই আসতে পারিনি। আজকের শো হাউসফুল। আপনারা ‘ট্রেলার’ উপভোগ করুন। ভাল লাগলে সকলের সঙ্গে ভাগ করে নিন,আর না লাগলেও সবাইকে বলুন। শেষপর্যন্ত এটি ইমতিয়াজ় আলির ছবি।”

দিলজিতের এই বার্তার পরেও তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা চলে। তবে পরিচালক ইমতিয়াজ়ের বক্তব্যে স্পষ্ট যে, অভিনেতার ব্যস্ত কর্মসূচিই তাঁর অনুপস্থিতির মূল কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement