Highest Paid Indian Actor

শাহরুখ বা প্রভাস নন! এক ছবিতেই ৩০০ কোটি নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতা কে?

নব্বইয়ের দশকে চিরঞ্জীবী প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে একটি ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। যা নিয়ে আজও আলোচনা হয়। তালিকার শীর্ষে এখন কোন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১০:০৯
Share:

তালিকার শীর্ষে কে? ছবি: সংগৃহীত।

ভারতীয় সিনেমায় তারকাদের পারিশ্রমিক বরাবরই আলোচনার বিষয়। নব্বইয়ের দশকে চিরঞ্জীবী প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে একটি ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, যা নিয়ে আজও আলোচনা হয়। তার পর থেকে দীর্ঘ তিন দশক ধরে বলিউডের তারকারাই দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে থেকেছেন। তবে সাম্প্রতিক সময়ে দক্ষিণের ‘প্যান-ইন্ডিয়া’ ছবির বিপুল সাফল্য সেই সমীকরণ আবার বদলে দিয়েছে। শাহরুখ খান, সলমন খান তো ননই, প্রভাস বা বিজয় সেতুপতিও নন। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতা হলেন তেলুগু তারকা অল্লু অর্জুন।

Advertisement

২০২৪ সালে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল’। এর মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে একক ছবির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ড গড়েছেন অল্লু অর্জুন। এই ছবির জন্য তিনি নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি ছবির আয়ের একটি অংশও নিয়েছিলেন। আর এই লভ্যাংশই তাঁকে অন্য সব তারকার থেকে অনেকটা এগিয়ে দিয়েছে।

বাণিজ্য বিশ্লেষকদের দাবি, বিশ্ব জুড়ে ১৭০০ কোটিরও বেশি টাকা আয় করেছে ‘পুষ্পা ২’। ছবির লাভের পরিমাণ ছিল ৬০০ কোটিরও বেশি। তার একটা বড় অংশ পেয়েছেন পর্দার ‘পুষ্পা’। নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি ছবি থেকে তাঁর মোট আয় প্রায় ৩০০ কোটি টাকা বা তারও বেশি বলে খবর। উল্লেখযোগ্য বিষয় হল, এই অঙ্ক ভারতের বহু বড় বাজেটের ছবির মোট নির্মাণ খরচের থেকেও বেশি। উদাহরণ হিসাবে বলা যায়, এক সময়ের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ‘বাহুবলী ২’-এর বাজেট ছিল ২৫০ কোটির কম।

Advertisement

দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় রাজত্ব করেছেন তিন খান— শাহরুখ খান, আমির খান এবং সলমন খান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অমিতাভ বচ্চন ও সঞ্জয় দত্তের পরে তাঁদের উত্থান ঘটে। ধারাবাহিক সাফল্যের ফলে ক্রমশ বেড়েছে তাঁদের পারিশ্রমিকও। শাহরুখই প্রথম সিনেমার লাভের অংশ নেওয়ার প্রথা চালু করেন, আর আমির খান প্রথম ১০০ কোটির পারিশ্রমিকের গণ্ডি পেরোন। ২০১০-এর দশকের শেষ দিকে তিন খানই ছবিপ্রতি ১০০ কোটির বেশি আয় করতেন। ২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর সাফল্যের পরে শাহরুখের পারিশ্রমিক ২০০ কোটিরও গণ্ডি পেরিয়ে যায়।

তবে ২০২৪ সালে এই তালিকায় বড় পরিবর্তন আসে। তামিল সুপারস্টার রজনীকান্ত তাঁর ব্লকবাস্টার ছবি ‘জেলার’-এর জন্য ২৫০ কোটিরও বেশি আয় করে শীর্ষস্থান দখল করেছিলেন। কিন্তু, কয়েক মাসের মধ্যেই তাঁকে পিছনে ফেলে দেন অল্লু অর্জুন। গত পাঁচ বছরে অর্জুনকে দেখা গিয়েছে শুধুমাত্র ‘পুষ্পা’র দুই ছবিতে। এর পরে তাঁকে পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবিতে দেখা যাবে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ডিসেম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement