ছবি: ইনস্টাগ্রাম।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হল এয়ার ইন্ডিয়ার তিনটি ন্যারোবডি বিমান। রবিবার প্রবল ঝড় এবং ভারী বৃষ্টির কারণে ‘গ্রাউন্ড সাপোর্ট’-এর জন্য রাখা সরঞ্জাম ছিঁড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা বিমানগুলির সঙ্গে ধাক্কা খাওয়ায় ওই দুর্ঘটনা ঘটে। বিকাল ৫টা নাগাদ টার্মিনাল ২-এর কাছে বিমান পার্কিং বে-তে ঘটনাটি ঘটে। বিমানবন্দর কর্মকর্তাদের মতে, প্রবল দমকা বাতাস ও তীব্র বৃষ্টিপাতের কারণে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর গ্রাউন্ড হ্যান্ডলিং এবং ইঞ্জিনিয়ারিং দলের একটি ধাতব সিঁড়ি এবং বেশ কয়েকটি ‘ট্রেসল’ স্থানচ্যুত হয়। জানা গিয়েছে, সরঞ্জামগুলি টারম্যাকের ওপর দিয়ে গড়িয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা বিমানগুলির সঙ্গে ধাক্কা খায়। ক্ষতিগ্রস্ত হয় তিনটি বিমান। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাউন্ড সরঞ্জাম এবং বিমানগুলো পরিদর্শন করা হচ্ছে। ইন্টারনেটে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝড়ের মধ্যে চাকাযুক্ত ধাতব সিঁড়ি একটি বিমানের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সংঘর্ষ এড়াতে বিমানবন্দরের কর্মীদের সে দিকে দৌড়ে যেতেও দেখা যায়।
ক্ষতিগ্রস্ত তিনটি এয়ার ইন্ডিয়া এয়ারবাস এ৩২০ বিমানকেই বিস্তারিত প্রযুক্তিগত পরিদর্শন ও মেরামতের জন্য অবিলম্বে পরিষেবা থেকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে দু’টি বিমান কয়েক দিনের মধ্যেই পুনরায় চলাচল শুরু করতে পারে। তবে একটি বিমান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ সময়ের জন্য চলাচল বন্ধ থাকতে পারে। ওই বিমানটির প্রবেশপথের কাছের জায়গায় বড় ধরনের ক্ষতি হয়েছে। ফলে এটিকে পুনরায় চলাচলের অনুমতি দেওয়ার আগে নিরাপত্তা পরীক্ষা করা প্রয়োজন বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, আকস্মিক এই ঝড় সম্পর্কে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ বা বিমান সংস্থাগুলিকে সতর্কবার্তা দেওয়া হয়নি। সাধারণত এই ধরনের সতর্কতা বিমান সংস্থা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সিগুলিকে আবহাওয়া প্রতিকূল হওয়ার আগেই সরঞ্জাম সুরক্ষিত করতে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিতে সাহায্য করে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রবল বাতাসে গ্রাউন্ড সাপোর্টের বেশ কিছু সরঞ্জাম স্থানচ্যুত হয়েছে এবং সেগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, ঝড়ের প্রভাব শুধু এয়ার ইন্ডিয়ার বিমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিমানবন্দরের প্রতিকূল আবহাওয়ার কারণে অন্যান্য সংস্থার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি বিমানবন্দরের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ফুলথ্রাস্টনিউজ়’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ওই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।