Sudiptaa Will Be In TMC

শাসকদলের প্রচার ভিডিয়োয় সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়! তৃণমূলে যোগ দিচ্ছেন? জবাবে কী বললেন তিনি?

রবিবার সরগরম প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূর তৃণমূলে যোগদানের খবরে। আদৌ কি যোগ দিচ্ছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৫
Share:

২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়বেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়? ছবি: ফেসবুক।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের প্রায় প্রত্যেক অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। তা ছাড়াও, তিনি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ। রবিবার একটি ভিডিয়োয় তাঁকে দেখে সেই জল্পনা আরও বেড়েছে।

Advertisement

নির্বাচনের আগে শাসকদলে তারকাযোগ নতুন নয়। শাসকদলের অনুষ্ঠানে বা প্রচার ভিডিয়োয় যোগ দেওয়াও অতি পরিচিত ব্যাপার। তার পরেও কেন সুদীপ্তাকে নিয়ে এত আলোচনা?

কারণ, সুদীপ্তাকে যে ভিডিয়োয় দেখা গিয়েছে সেটি আদ্যন্ত রাজনৈতিক ভাবনায় তৈরি একটি প্রচার ভিডিয়ো। একটি অনুষ্ঠানে বাংলায় গান গাইতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী। ঠিক যে ভাবে এর আগে শিকার হয়েছেন কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী বা লগ্নজিতা চক্রবর্তী। সুদীপ্তা যদিও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাতেই গান গেয়েছেন। নেপথ্যে ভেসে উঠেছে একটি বক্তব্য, ‘বাংলায় জিতে দেখা’। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ।

Advertisement

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল সুদীপ্তার সঙ্গে। তিনি বলেছেন, “আমি এখনও আনুষ্ঠানিক যোগদান করিনি। মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমায় দলে নেবেন, অবশ্যই যোগ দেব।” একই সঙ্গে এ-ও জানান, বরাবর তিনি মুখ্যমন্ত্রীকে অনুসরণ করেন। তাঁর বিয়েও হয়েছে রাজনৈতিক পরিবারে। তাঁর শাশুড়ি, শ্বশুর, স্বামী প্রত্যেকে শাসকদল ঘনিষ্ঠ। স্মিতা দু’বারের বিধায়ক। সঞ্জয় বক্সী (শ্বশুর) এবং সৌম্য বক্সী (স্বামী) তৃণমূলের নেতা। ফলে, তিনি আরও জড়িয়ে গিয়েছেন এই দলের সঙ্গে।

সামনে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী যদি তাঁর কাঁধে দায়িত্ব দেন? “দিদি যোগ্য মনে করলে অবশ্যই দায়িত্ব নেওয়ার কথা ভাবব। সবটাই ওঁর উপরে নির্ভর করছে।” পাশাপাশি, অভিনয়টাও করবেন, জানাতে ভোলেননি। প্রার্থীপদ পেলে টলিউড আপনার থেকে অনেক কিছু আশা করবে। পূরণ করতে পারবেন? অভিনেত্রীর মতে, সময় সব বলবে।

সুদীপ্তার বিষয়ে এখনই কিছু বলতে রাজি নন শাসকদলের আর এক রাজনীতিবিদ অভিনেতা পার্থ ভৌমিক। তিনি বললেন, “সবটাই মুখ্যমন্ত্রী ঠিক করবেন। তিনি মনে করলে অবশ্যই সুদীপ্তা দলে যোগ দেবেন।” একই কথা বলেছেন সুদীপ্তার রাজনীতিবিদ শাশুড়ি স্মিতাও। তিনি শিবরাত্রির অনুষ্ঠানে ব্যস্ত। তাঁর কথায়, “সুদীপ্তা তৃণমূলে যোগ দেবে কি না সেটা একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement