প্রেমে ‘পরমসুন্দরী’ কৃতি শ্যানন? ছবি: ফেসবুক।
লন্ডনের ফুরফুরে আবহাওয়া। সেখানে মু্ম্বইয়ের মতো ছবিশিকারিদের উপদ্রব নেই। ফলে, নিশ্চিন্তে প্রেমিকের হাতে হাত রেখে ঘুরছিলেন কৃতি সেনন। কিন্তু নায়িকা রেহাই পেলেন কই? আলোচিত প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে তাঁর প্রেমযাপন সেখানেও ক্যামেরাবন্দি!
ভিডিয়ো আকারে ছড়িয়েও পড়েছে কৃতি-কবীরের বিশেষ মুহূর্ত। দেখা গিয়েছে, হাতে হাতে রেখে প্রেমিকের সঙ্গে খুল্লমখুল্লা প্রেম করছেন তিনি! ‘বেপরোয়া’ কৃতির কীর্তি দেখে হাঁ বলিউড। মন্তব্য বাক্স উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছায়। এই ভিডিয়ো তাঁদের প্রেমের সম্পর্কেই যেন সিলমোহর দিল।
কৃতি-কবীরের পোশাকেও রংমিলন্তি। যেমন, কবীর স্বচ্ছন্দ নীলচে কো-অর্ড পোশাকে। কৃতি একই পোশাক না বাছলেও নীল ডেনিম বেছে নিয়েছেন। আর বাদামি টপ, জ্যাকেট। এখানেও যে ছবিশিকারিরা তাঁদের নজরে রেখেছেন, সম্ভবত স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। তাই নিজেদের মতো করে কথা বলতে বলতে হাঁটতে দেখা গিয়েছে আলোচিত যুগলকে।
কৃতির ৩৪ বছরের জন্মদিন থেকেই কবীরকে ঘিরে তাঁর প্রেমকাহিনি ঝড় তুলেছে বলিউডে। ওই বছরের জন্মদিন তিনি লন্ডনে পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ব্যবসায়ী, ৩৬ বছরের কবীরের সঙ্গে তাঁর মন দেওয়ানেওয়ার পালা চলছে, তখন থেকেই শোনা গিয়েছিল। কবে চার হাত এক হবে, সেটাই দেখার জন্য অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।