নানা নৃত্যশৈলীর সাক্ষী থাকল শহর! ছবি: সংগৃহীত।
ভারতের বিভিন্ন নৃত্যশৈলীর মধ্যে অন্যতম মণিপুরি। বুধবার সন্ধ্যায় জ্ঞানমঞ্চে হয়ে গেল ‘মণিপুরি নর্তনালয়’ আয়োজিত ‘কলাবতী নৃত্য উৎসব’। চার বছরের বিরতির পরে ফিরেছে ‘কলাবতী নৃত্য উৎসব’। জানান সংস্থার সম্পাদক তথা শিল্পী বিম্বাবতী দেবী।
মণিপুরি নর্তনালয় দেশের অন্যতম প্রাচীন মণিপুরি নৃত্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা করেছিলেন বিপিন সিংহ, কলাবতী দেবী এবং মুম্বইয়ের প্রখ্যাত জ়াভেরি সিস্টার্স। মণিপুরি নৃত্যের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১৯৭২ সালে কলকাতা, ইম্ফল ও মুম্বইয়ে এই প্রতিষ্ঠানটির সফর শুরু হয়। বর্তমানে কলকাতার শাখাটিই সবচেয়ে সক্রিয়। এই শাখারই সম্পাদক বিম্বাবতী দেবী। মণিপুরি নৃত্যশিল্পী বিপিন সিংহ ও কলাবতী দেবীর কন্যা তিনি।
বিম্বাবতী জানান, কলাবতী দেবী ‘নর্তনালয়’ পরিবারের মাতৃসম ব্যক্তিত্ব। ২০২২ সালে ‘কলাবতী নৃত্য উৎসব’-এ কলকাতার প্রখ্যাত কয়েক জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেছিলেন। তবে অনিবার্য কারণে উৎসবটি সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছিল।
এ বছর এটি অনুষ্ঠিত হল ১১ ফেব্রুয়ারি। এই দিন ওড়িশি একক পরিবেশন করেন সুবিকাশ মুখোপাধ্যায়। ভরতনাট্যম নৃত্যে ছিলেন রাজদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। কত্থক নাচে ছিলেন পারমিতা মৈত্র। কঙ্কনা সিংহ ও পর্না চক্রবর্তী মণিপুরি নৃত্যপরিবেশন করেন।