Marriage Rumour Of Mrunal Thakur

ভাগ্যিস ধনুষের সঙ্গে বিয়ের খবর ছড়ালেন, কী বলে ধন্যবাদ জানাব! গুঞ্জনেই খুশি মৃণাল ঠাকুর?

“৩ কোটি, ৬ কোটি কেন! ১০ কোটি টাকা খরচ করেও এত প্রচার পেতাম না। আপনাদের যে কী বলে ধন্যবাদ জানাব”, খুশিতে আত্মহারা অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩
Share:

সত্যি বিয়ে হলে কী করতেন মৃণাল ঠাকুর? ছবি: ফেসবুক।

অকারণ গুঞ্জনে ভারী রাগ রুপোলি পর্দার তারকাদের। কখনও সমাজমাধ্যমে, কখনও সংবাদমাধ্যমে উগরে দেন ক্ষোভ। তার উপরে কারও সঙ্গে প্রেম বা বিয়ের গুঞ্জন হলে তো কথাই নেই। মৃণাল ঠাকুর যে উল্টো! রাগ করবেন কী, ধনুষের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনে আহ্লাদে আটখানা অভিনেত্রী!

Advertisement

দিনকয়েক আগে বিয়ে নিয়ে প্রথম মুখ খুলেছিলেন। তখনও রসিকতায় মেতেছিলেন। অনুরাগী এবং সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, “আমার গায়েহলুদ, সঙ্গীত হবে। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না।” পরে এ-ও জানান, তাঁর বিয়ে তিনিই জানেন না! অথচ বাকিরা খুঁটিনাটি সব জেনে গিয়েছেন।

এত কথার বলার পরেও কিন্তু গুঞ্জন থামেনি। প্রেম দিবসের আগে পর্যন্ত সবার কৌতূহল, কী হয় কী হয়!

Advertisement

প্রেম দিবস পেরোনোর পরেই ফের সরব মৃণাল। এ বার তিনি ধন্যবাদ জানিয়েছেন রটনাকারীদের। ফের রসিকতা করেছেন। বলেছেন, তিনি নিজের পিছনে ১০ কোটি টাকা খরচ করলেও এত প্রচার পেতেন না, ধনুষের সঙ্গে তাঁর বিয়ের ‘গল্প’ ছড়িয়ে রটনাকারীরা তাঁকে যে পরিমাণে প্রচার এনে দিয়েছেন। অভিনেত্রীর কথায়, “এর আগে পর্যন্ত আমার কোনও জনসংযোগকারী আধিকারিক ছিলেন না। কিন্তু আমার বাড়ির ঠিকানা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ভাবতে হয়েছে। জনসংযোগকারী একটি দলকে রাখতে হয়েছে। সব মিলিয়ে প্রচারের সমস্ত আলো শুধুই আমার গায়ে! যাঁরা মিথ্যে গুজব ছড়াচ্ছেন, তাঁদের ধন্যবাদ। ৩ কোটি, ৬ কোটি কেন! ১০ কোটি টাকা খরচ করেও এত প্রচার পেতাম না। আপনাদের যে কী বলে ধন্যবাদ জানাব।”

মৃণালের দাবি, তাই বিয়ের মিথ্যে খবরে তিনি একটুও রেগে যাননি। বরং পুরো বিষয়টি উপভোগ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement