Nargis Fakhri in Dubai

‘চোখের পাতা এক করতে পারছি না, জানি না কী হতে চলেছে’! দুবাইতে কী অবস্থা নার্গিস ফকরির?

সোনাল চৌহান আটকে রয়েছেন দুবাইতে। ইশা গুপ্ত আটকে রয়েছেন আবু ধাবিতে। এর মধ্যেই নার্গিস জানালেন, তাঁরও দুবাইতে ভয়াবহ অভিজ্ঞতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:২৭
Share:

দুবাইয়ে আটকে নার্গিস! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দুবাইতে আটকে রয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। পশ্চিম এশিয়ার দেশগুলিতে অশান্ত পরিস্থিতি। শনিবার থেকে ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার যৌথ আক্রমণ চলেছে। মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। এই অবস্থার আঁচ পড়েছে দুবাই, আবু ধাবিতেও। সোনাল চৌহান আটকে রয়েছেন দুবাইতে। ইশা গুপ্ত আটকে রয়েছেন আবু ধাবিতে। এর মধ্যেই নার্গিস জানালেন, তিনিও দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন।

Advertisement

সমাজমাধ্যমে অভিনেত্রী লিখলেন, আতঙ্কে দু’চোখের পাতা এক করতে পারছেন না তিনি। জানলা থেকে থমথমে দুবাইয়ের ছবি ভাগ করে নিয়ে নার্গিস লেখেন, “যা-ই হোক, এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে। এর ঠিক পরমূহুর্তেই কী হতে চলেছে, আমরা কেউ জানি না।” এই পরিস্থিতি নিয়ে তিনি আরও লেখেন, “ঘুমোতে পর্যন্ত পারছি না। মাথা সব সময় অতি সজাগ হয়ে থাকছে। রাত পেরিয়ে যাচ্ছে, তা-ও ঘুমোতে পারছি না।” নার্গিসের দুবাইয়ে বাড়ি রয়েছে। ব্যবসায়ী টনি বেগকে বিয়ে করেছিলেন তিনি। শোনা যায়, তাঁর সঙ্গেই দুবাইতে থাকেন তিনি।

রবিবার ‘জন্নত’ ছবির অভিনেত্রী সোনাল চৌহান একটি পোস্ট করেছিলেন। তিনি দেশে ফেরার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চান। অভিনেত্রী সমাজমাধ্যমে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রীজি, বর্তমান পরিস্থিতির জন্য আমি দুবাইয়ে আটকে রয়েছি। উড়ান বাতিল হয়ে যাচ্ছে। দেশে কখন ফেরা সম্ভব হবে, তার কোনও নিশ্চয়তা নেই। নিরাপদে যাতে ঘরে ফিরতে পারি, তার জন্য সরকারের কাছে সহায়তা চাইছি।” আগাম কৃতজ্ঞতাও জানান ‘জন্নত’ ছবির অভিনেত্রী।

Advertisement

‘জন্নত ২’ খ্যাত অভিনেত্রী ইশা গুপ্ত জানান, মোদী সরকারের উপর তাঁর আস্থা রয়েছে। তাই নিরাপদে ফিরবেন বলেই তাঁর বিশ্বাস। তিনি লেখেন, “যাঁদের উপর এই কঠিন পরিস্থিতির আঁচ পড়ছে, তাঁদের জন্য প্রার্থনা করছি। সবাই নিরাপদে থাকুন। আশা করি দ্রুত ঘরে ফিরতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement