নওয়াজ়ের কাছে অভিনয় শিখেছেন রণবীর? ছবি: সংগৃহীত।
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ রণবীর সিংহের। তার পর প্রায় ১৫ বছর পেরিয়ে গিয়েছে। নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন তিনি। নায়ক থেকে খলনায়ক কিংবা কৌতুকাভিনেতা, সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সদ্য মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবিতে হামজ়ার চরিত্রে প্রশংসিত হয়েছেন। তবে এখনকার এই পরিণত অভিনেতার নাকি শিক্ষাগুরু ছিলেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী।
২০১০ সালের মধ্যে নওয়াজ়উদ্দিন বলিউডে বেশ কিছু ছবি করে ফেলেন। এ ছাড়াও তিনি ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’র প্রাক্তনী। ‘কহানী’-এর মতো বড় ছবি পাওয়ার আগে অসংখ্য হিন্দি ছবিতে কাজ করে ফেলেছেন। রণবীরের প্রথম ছবির জন্য তাঁকে প্রস্তুত করার দায়িত্ব ছিল নওয়াজ়ের কাঁধে। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার জেতেন রণবীর। যদিও এর পুরো কৃতিত্ব নিজে নিতে নারাজ নওয়াজ়। বরং তিনি জানান, রণবীরের মধ্যে প্রথম থেকেই অভিনেতা হওয়ার সমস্ত গুণ ছিল, তাঁকে শুধু সঠিক দিশা দেখাতে হয়েছে।
নওয়াজ়ের কথায়, “‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে বিট্টু চরিত্রের জন্য আমি রণবীরকে কিছু দিন প্রশিক্ষণ দিয়েছিলাম। এক অর্থে আমিও তাঁদের কর্মশালার অংশ হয়ে উঠেছিলাম। আমি আসলে সেই সময় সকলকে বলতাম, যাঁরা অভিনেতা হতে চান এবং সুযোগ পেতে চান, আমি সকলের জন্য আছি। যদিও কর্মশালায় এলেই যে অভিনয় শেখা যায়, তা বিশ্বাস করি না। রণবীরের নিজস্ব ক্ষমতা ছিল। আমি কেবল ওঁকে সেই দক্ষতা ব্যবহারের বিভিন্ন উপায় দেখিয়েছি। কিন্তু দিনের শেষে ক্যামেরার সামনে ওই ব্যক্তিকেই সবটা করতে হবে।”