তালসারি থানায় মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক সপ্তাহ পর এখনও কিছু প্রশ্নের উত্তর অধরা। শনিবার বিকেলে বিচারের দাবিতে একত্র হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ টলিপাড়ার বেশ কিছু তারকা। ছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। এর পরে শনিবার রাতেই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছোন প্রসেনজিৎ-ঋতুপর্ণারা।
শনিবার বিকেলে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন শান্তিলাল মুখোপাধ্যায়। তালসারির সমুদ্রে অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগত ভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রিয়াঙ্কার। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এগ্জ়িকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
প্রিয়াঙ্কা তাঁর এফআইআর-এর বয়ানেও জানিয়েছেন, তালসারিতে শুটিংয়ের আগে কোনও অনুমতি নেওয়া হয়নি। নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি।
কিন্তু অভিযোগ দায়ের করার ক্ষেত্রে এত বিলম্ব হল কেন? এই প্রশ্নও উঠে আসছিল। প্রিয়াঙ্কা তাঁর বয়ানে এও লিখেছেন, “আমি আমার স্বামীকে হারিয়েছি। মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিক ভাবে বড় ধাক্কা পেয়েছি। কারণ, আমি ভাবতেই পারিনি আমি সত্যি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।”
‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সেই এফআইআর-এ। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিত ভাবে অবহেলাভরে ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা ঝুঁকিপূর্ণ। এর জেরেই অভিনেতার মৃত্যু ঘটে। এ ছাড়াও, রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্তেরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে সেই এফআই আর-এ। প্রযোজনা সংস্থা ও উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, ২৯ মার্চ, তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই মৃত্যু ঘটে তাঁর। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু, কী ভাবে ঘটল সেই ঘটনা? কেন ঘটল? তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সেই তদন্তের দাবিতে একজোট হয়েছেন রাহুলের পরিবার-সহ টলিপাড়ার তারকারা। অভিযোগ দায়ের হওয়ার পরে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা।