Rahul Arunoday Banerjee

প্রসেনজিতের নেতৃত্বে রাতেই তালসারি রওনা প্রিয়াঙ্কার, সঙ্গী ঋতুপর্ণা-যিশু, রাহুলের দুর্ঘটনাস্থলে গিয়ে কী করবেন তাঁরা?

দুপুরে রিজেন্ট পার্ক থানায় এফআইআর। এর পর রাতে তালসারির সেই দুর্ঘটনাস্থলে রওনা রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা সরকারের। সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ২২:১৯
Share:

তালসারির দিকে রওনা দিলেন প্রিয়ঙ্কা সরকার। ছবি: সংগৃহীত।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে ছ’দিন। শনিবার দুপুরেই রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করে আর্টিস্টস ফোরাম। তার পরেই অভিনেতার স্মরণে মৌনমিছিল বার হয় টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে। এর পরে, রাতে রাহুলের দুর্ঘটনাস্থল তালসারি রওনা দিচ্ছেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস।

Advertisement

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি ওডিশা পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকেও। যদিও অভিনেতার মৃত্যুর তিন দিন পরে প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে তারা তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কী ভাবে শুটিং করতে গিয়ে প্রাণ গেল অভিনেতার, সেই প্রশ্নের সদুত্তর চেয়ে আইনি চিঠি দেয় আর্টিস্টস ফোরাম। তার সদুত্তর না মেলাতেই পাল্টা এফআইআর করে টলিউডের শিল্পী সংগঠনটি।

সূত্রের খবর, এ বার তালসারি গিয়ে সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি দেখতে চাইছেন প্রিয়াঙ্কা সহ আর্টিস্টস ফোরামের সদস্যেরা। ঘটনাস্থলে যাবেন তাঁরা। শোনা যাচ্ছে, প্রয়োজনে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে হতে পারে আরও একটি এফআইআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement