Ram Gopal Varma on Michael Jackson

‘আমি মাইকেল জ্যাকসনকে ঘৃণা করি’! কোন কারণে পপ-তারকার প্রতি এমন মন্তব্য রামগোপালের?

‘মাইকেল’ ছবিটি নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। এর মধ্যেই পরিচালক রামগোপাল বর্মা জানান, তিনি নাকি মাইকেল জ্যাকসনকে ঘৃণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৭:৫৪
Share:

মাইকেল জ্যাকসনকে নিয়ে কেন এমন বললেন রামগোপাল? ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র ‘মাইকেল’। ছবিটি নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। এর মধ্যেই পরিচালক রামগোপাল বর্মা জানান, তিনি মাইকেলকে ঘৃণা করেন! আর তার পরেই প্রয়াত পপ-তারকাকে নিয়ে মনের কথা উজাড় করেছেন তিনি। হঠাৎ কী হল তাঁর?

Advertisement

রামগোপাল জানান, কী ভাবে মাইকেল জ্যাকসন তাঁর কল্পনা, ভাবনা এবং সৃজনশীলতাকে গভীর ভাবে প্রভাবিত করেছিলেন। ২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েছিলেন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে রামগোপাল লেখেন, “আমি মাইকেলকে ঘৃণা করি। কারণ তিনি মারা গিয়েছেন।” মাইকেলের মৃত্যু রামগোপালের বহু বছরের স্বপ্নকে ভেঙে দিয়েছিল। জানান পরিচালক।

স্মৃতি হাতড়ে তিনি আরও লেখেন, “২০০৯ সালের ২৫ জুন রাতে আমি দেরি করে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই টিভির পর্দায় দেখলাম সাদা অক্ষরে লেখা, ‘মাইকেল জ্যাকসন প্রয়াত।’ প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল এটা দুঃস্বপ্ন। কিন্তু সব চ্যানেলেই একই খবর চলছিল। তখন বুঝলাম অসম্ভব ঘটনাটাই সত্যি হয়েছে।”

Advertisement

ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ে প্রথম বার তিনি মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান ‘থ্রিলার’ শুনেছিলেন। রামগোপাল লেখেন, “সেই গান আমার জীবনে ঝড়ের মতো এসেছিল। এটা শুধু গান বা নাচ ছিল না। যেন অন্য এক জগতের অভিজ্ঞতা। মাইকেলকে মানুষ বলে মনে হয়নি। ওঁর চলাফেরা, নাচ, উপস্থিতি— সবকিছুই ছিল অলৌকিক।” তাই নিজে কোনও মিউজ়িক ভিডিয়োর কাজ করতে গেলেই মাইকেল জ্যাকসনের কথা মনে পড়ে রামগোপালের।

পোস্টের শেষে পরিচালক লেখেন, “আমি মাইকেল জ্যাকসনকে ঘৃণা করি, কারণ তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে, তিনিও আসলে মানুষ। ওঁরও হৃদ্‌স্পন্দন থেমে যেতে পারে। কিন্তু, আমি ওঁকে ভালবাসি। যেখানে আছেন, নিশ্চয়ই এখনও তিনি একই কায়দায় ‘মুনওয়াক’ করছেন। যে বিস্ময় তিনি আমাকে দিয়েছিলেন, সেটা আমি মৃত্যুর দিন পর্যন্ত মনে রাখব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement