Kitchen Tips

রোজ রোজ ব্যবহার করে স্টিলের কড়াইটি একে বারে জেল্লা হারিয়েছে! নতুনের মতো চকচকে করবেন কী ভাবে?

অনেকেই ভাবেন, স্টিলের বাসন ঝকঝকে রাখা খুবই ঝক্কির। তবে উপায় জানলে পুরনো স্টিলের কড়াইটিকেও একেবারে নতুনের মতো ঝকঝকে করে ফেলতে পারেন সহজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৮:৪৯
Share:

পুরনো স্টিলের কড়াইটি নতুনের মতো চকচকে করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

স্টিলের কড়াই তো রোজই ব্যবহার করছেন, কিন্তু সঠিক যত্ন নিচ্ছেন কি? রোজের ডাল, তরিতরকারি বানিয়ে স্টিলের বাসনে গাঢ় খয়েরি রঙের দাগ পড়ে যায়। তা ছাড়া আগুনের আঁচ লেগে পাত্রের তলায় কালো পোড়া দাগও হয়। ঠিকমতো বাসন পরিষ্কার না করলে খুব তাড়াতাড়ি মরচেও পড়ে যেতে পারে স্টিলের বাসনে। অনেকেই ভাবেন, স্টিলের বাসন ঝকঝকে রাখা খুবই ঝক্কির। তবে উপায় জানলে পুরনো স্টিলের কড়াইটিকেও একেবারে নতুনের মতো ঝকঝকে করে ফেলতে পারেন সহজেই।

Advertisement

স্টিলের কড়াই পরিষ্কার করার জন্য কড়াইটি প্রথমে জল দিয়ে ভর্তি করুন। এ বার কড়াইতে ৪-৫ টি ব্যবহার করা লেবুর খোসা আর ডিটারজেন্ট পাউডার মিশিয়ে মিনিট ১৫ ভাল করে ফুটিয়ে নিন। এ বার কড়াইয়ের থেকেও একটি বড় পাত্রে বেশ খানিকটা জল ঢেলে দিয়ে কিছুটা জল কড়াইতে রেখে দিন। এ বার কড়াইতে বেকিং সোডা আর তরল বাসন মাজার সাবান দিয়ে স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে নিন। কড়াইয়ের পিছনের দিকটি বড় পাত্রে রাখা লেবু আর সাবান জলের মিশ্রণে ডুবিয়ে রাখুন। তার পর বেকিং সোডা দিয়ে ঘষে নিলেই একে বারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে স্টিলের কড়াই।

স্টিলের কড়াই নতুনের মতো রাখতে কী কী নিয়ম মেনে চলবেন?

Advertisement

১) বাসন ধোওয়ার পরে তা কখনওই জল সমেত তুলে রাখবেন না। বাসনের জল ঝরে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে তবে তুলবেন।

২) স্টিলের বাসন যতই মাজুন না কেন, তাতে সাদা দাগছোপ পড়বেই। এই দাগ তুলতে হলে ভিনিগার ব্যবহার করতে পারেন। একটি বোতলের এক-চতুর্থাংশ ভিনিগার নিন আর বাকিটা ভরে নিন গরম জলে। ভাল করে মিশিয়ে সেই মিশ্রণে স্টিলের বাসন ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পর বাসন ধুয়ে তা শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নেবেন।

৩) বাসনে যদি মরচে ধরে যায়, তা হলে মরচে ধরা জায়গাটিতে বেশি করে নুন ছড়িয়ে দিন। তার পর ওই জায়গাতেই খানিকটা লেবুর রস দিয়ে দিন। এই ভাবে কয়েক ঘণ্টা রেখে দিন। তার পর ভাল করে ঘষে নিলেই স্টিলের বাসন একেবারে ঝকঝক করে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement