Ranveer Singh

সাধারণ থেকে দেবতুল্য হওয়ার সফর! এ বার মহাদেবের চরিত্রে রণবীর? কবে দেখা যাবে এই ছবি?

লেখক অমীশ ত্রিপাঠী-র জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টাল্‌স অফ মেলুহা’ অবলম্বনে তৈরি হতে চলেছে বড় বাজেটের একটি ছবি। রণবীর নাকি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে বইটির স্বত্ব কিনেছেন। পুরো গল্পটি তিনটি ছবির মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৪:১১
Share:

রণবীর সিংহ এ বার শিবের চরিত্রে! ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’-এর পরে সাফল্যের শিখরে তিনি। দিকে দিকে প্রশংসা হচ্ছে তাঁর অভিনয়ের। ছবিতে জসকিরত ও হামজ়া, দুই চরিত্রেই মন জয় করেছেন রণবীর সিংহ। যে কোনও চরিত্রেই তিনি সমান ভাবে নিজেকে তুলে ধরতে পারেন বলে মনে করেন অনুরাগীরা। আর এ বার তিনি পৌরাণিক চরিত্রে। মহাদেবের ভূমিকায় নাকি দেখা যেতে চলেছে অভিনেতাকে।

Advertisement

রণবীরের কর্মজীবনে এটি অন্যতম বড় কাজ হতে চলেছে, মত চলচ্চিত্র সমালোচকদের। জানা যাচ্ছে, লেখক অমীশ ত্রিপাঠী-র জনপ্রিয় উপন্যাস ‘দি ইমমর্টাল্‌স অফ মেলুহা’ অবলম্বনে তৈরি হতে চলেছে বড় বাজেটের একটি ছবি। রণবীর নাকি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে বইটির স্বত্ব কিনেছেন। তিন ভাগে প্রকাশিত বইটির পুরো গল্প তিনটি ছবির মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানা যাচ্ছে।

বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। জানা গিয়েছে, রণবীর নিজেও এই ছবির নির্মাণ কাজের সঙ্গে জড়িয়ে আছেন। এখনও পরিচালক বা অন্য অভিনেতাদের নাম চূড়ান্ত করা হয়নি।

Advertisement

তিনটি ভাগের মধ্যে প্রথম ছবির শুটিং শুরু হতে পারে ২০২৮ সালে। ছবিমুক্তির সময় এখনও নির্ধারিত হয়নি। তবে তার আগে রণবীর পরিচালক আদিত্য ধরের নতুন ছবিতে কাজ শুরু করবেন। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে ‘প্রলয়’ নামের আরও একটি বড় ছবি।

‘দি ইমমর্টাল্‌স অফ মেলুহা’ অমীশের বহুল জনপ্রিয় বই। এই উপন্যাসে শিবকে এক সাধারণ মানুষ হিসাবে দেখানো হয়েছে। প্রথমে মানুষ হিসাবে দেখানো হলেও, পরে কাজের মাধ্যমে দেবতুল্য মর্যাদা অর্জন করেন শিব। বইটি পাঠকদের মধ্যে খুবই জনপ্রিয়।

রণবীরকে শিবের চরিত্রে দেখা যাবে, এই খবর ছড়াতেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে বলি তারকাকে আলাউদ্দীন খিলজি, বাজিরাও-এর মতো ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছে। তবে শিবের চরিত্রে অভিনয়ের খবর এখন শুধুই জল্পনা। ‘দি ইমমর্টাল্‌স অফ মেলুহা’র স্বত্ব কেনার খবর অস্বীকার করেছেন অমীশ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এর স্বত্ব আমার কাছেই আছে। এখনও কারও সঙ্গে কোনও চুক্তি হয়নি। অবশ্যই আমার রণবীরের প্রতি অগাধ শ্রদ্ধা আছে। আমি ওঁর ভক্তও। কিন্তু এই খবরটি সঠিক নয়।” তবে রণবীর এখনও এই খবরে নীরব। ভবিষ্যতে তাঁকে সত্যিই শিব রূপে দেখা যাবে কি না, তা নিয়ে জল্পনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement