Ranveer Singh

এ বার রণবীরের আইনি নোটিস ফেডারেশনকে! কোন দিকে মোড় নিতে চলেছে ‘ডন ৩’ বিতর্ক

বলিউড সূত্রে খবর, মঙ্গলবার ‘এফডব্লিউআইসিই’-কে আইনি নোটিস পাঠানো হয়েছে। যদিও নোটিসে রণবীর ঠিক কী দাবি জানিয়েছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১১:৪৪
Share:

কী পদক্ষেপ করলেন রণবীর সিংহ? ছবি: সংগৃহীত।

ফরহান আখতারের ‘ডন ৩’ ছবিটি নিয়ে গত কয়েক মাস ধরে বিতর্কে অভিনেতা রণবীর সিংহ। নায়কের সঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)-এর চলতি বিরোধ এ বার আইনের দরজা পর্যন্ত পৌঁছল। সম্প্রতি ‘এফডব্লিউআইসিই’ রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভস’ বা অসহযোগিতার নির্দেশ জারি করে। তার পরেই অভিনেতা পাল্টা পদক্ষেপ হিসেবে ফেডারেশনকে আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

বলিউড সূত্রে খবর, মঙ্গলবার ‘এফডব্লিউআইসিই’-এর উদ্দেশে এই আইনি নোটিস পাঠানো হয়। যদিও নোটিসে রণবীর ঠিক কী দাবি জানিয়েছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে এখন আদালতে হাজিরা দিয়ে ‘এফডব্লিউআইসিই’-কে জবাব দিতে হতে পারে।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ‘এফডব্লিউআইসিই’ ঘোষণা করে যে, ‘ডন ৩’ ছবিকে ঘিরে তৈরি হওয়া জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের সদস্যেরা রণবীরের সঙ্গে কোনও ধরনের কাজ করবেন না। সেই বৈঠকে উপস্থিত কয়েকজন সদস্য জানান, ‘ডন ৩’-র নির্মাতা ফরহান ও রীতেশ সিধওয়ানি তাঁদের কাছে অভিযোগ করেছিলেন যে, ছবির শুটিং শুরু হওয়ার অল্প কিছু দিন আগে ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন নায়ক।

Advertisement

ফেডারেশনের দাবি, সমস্যা না বাড়িয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার করার জন্য তারা নায়ককে ডেকেছিল তিন বার। কিন্তু কোনও সাড়া মেলেনি রণবীরের তরফে। উল্টে ‘এফডব্লিউআইসিই’-কে ই-মেল পাঠিয়েছিলেন রণবীর। সেখানে তিনি জানান, এই বিষয়টি ‘এফডব্লিউআইসিই’-র এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই ঘটনার পরেই নায়কের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র নির্দেশ জারি করে ফেডারেশন।

অন্য দিকে, ‘এফডব্লিউআইসিই’-র এই পদক্ষেপের পরে রণবীরের টিম একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, “চলচ্চিত্র জগতের প্রতিটি মানুষ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলের প্রতি শ্রদ্ধা রয়েছে রণবীরের। ‘ডন ৩’ নিয়ে চলা বিতর্কের সময় সচেতন ভাবেই নীরবতা বজায় রেখেছেন তিনি। রণবীরের বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা দরকার।”

এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে নতুন করে চর্চা শুরু হয়েছে। ‘এফডব্লিউআইসিই’ বনাম রণবীরের এই বিরোধ শেষপর্যন্ত কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর রয়েছে সকলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement