জুটি বাঁধছেন সলমন ও নয়নতারা? ছবি: সংগৃহীত।
গত কয়েক বছরে নেই কোনও সফল ছবি। ঝলক সাড়া ফেললেও প্রেক্ষাগৃহে মুক্তির পরে বক্সঅফিসে ছবি ভাল ফল করতে পারেনি। তাই কি এ বার কোনও পারিশ্রমিক ছাড়াই অভিনয় করছেন সলমন খান? তেমনই প্রশ্ন উঠছে।
সলমন আপাতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। এর পরে আরও একটি ছবি নিয়ে কথাবার্তা চলছে তাঁর। দিল রাজু প্রযোজিত সেই ছবিতে নাকি কোনও পারিশ্রমিকই নিচ্ছেন না ভাইজান। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন নয়নতারা। এমনই শোনা যাচ্ছে। এ-ও শোনা যাচ্ছে, নয়নতারা এই ছবির জন্য নিচ্ছেন ১০ কোটি টাকা।
সলমন পারিশ্রমিক নিচ্ছেন না ঠিকই। তবে ছবিটি বক্সঅফিসে কত টাকা লাভ করবে, তার উপর নির্ভর করছে কত টাকা পাবেন তিনি। অর্থাৎ বক্সঅফিসে এই ছবি সফল হলে তবেই উপার্জন করতে পারবেন সলমন।
গত ৩০ মার্চ সলমন একটি ছবি ভাগ করে নেন পরিচালক বামশী পইডিপল্লীর সঙ্গে। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, “‘দিল, দিমাগ, জিগর সে’ ছবির শুরু এপ্রিলে।” হ্যাশট্যাগে দিল রাজুর নামও উল্লেখ করেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই ছবিতে নয়নতারা অভিনয় করছেন কি না, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা। শাহরুখের পরে এ বার কি তিনি সলমনের সঙ্গে জুটি বাঁধছেন? সেই প্রশ্ন উঠছে।
সলমনের ‘মাতৃভূমি’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। এর আগে ‘সিকন্দর’ ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল রশ্মিকা মন্দানাকে।