মা হচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা, মাসি হবেন ঋতাভরী? ছবি: সংগৃহীত।
চক্রবর্তী পরিবারে খুশির খবর। অন্দরের ফিসফাস অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী মাসি হতে চলেছেন। অর্থাৎ,শোনা যাচ্ছে মা হতে চলেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। যদিও অভিনেত্রী বা তাঁর পরিবারের তরফে কেউই প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলেননি। বিয়ের পর থেকে বেশির ভাগ সময়ে মুম্বইয়েই থাকেন তিনি। এখন অবশ্য রয়েছেন কলকাতায়।
পরিবারে নতুন অতিথি আসার গুঞ্জন। এই বিষয়ে জানতে চাওয়া হয় হবু মা চিত্রাঙ্গদার কাছে। তিনি অবশ্য প্রকাশ্যে কিছু বলতে নারাজ। আনন্দবাজার ডট কম-কে চিত্রাঙ্গদা বলেন, “এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” এই বিষয়ে প্রথমে চিত্রাঙ্গদার শ্বশুরমশাই, তবলাশিল্পী পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার ডট কম-এর তরফে। তিনি যদিও এই প্রসঙ্গ খানিকটা এড়িয়েই গিয়েছেন।
২০২২-এর শেষে প্রিয় ‘বন্ধু’ সম্বিত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন চিত্রাঙ্গদা। পৌষের পড়ন্ত বিকেলে এক হয়েছিল চারহাত। ২০২১ সালেই বিয়ের কথা ছিল চিত্রাঙ্গদা-সম্বিতের। কিন্তু যাবতীয় পরিকল্পনায় বাধ সেধেছিল করোনা। বিয়ের প্রায় চার বছর পরে নতুন অতিথি আসার খবরে সরগরম টলিপাড়া। আপাতত সেই দিনের অপেক্ষায় তাঁদের পরিবার।