থলপতি বিজয়। ছবি: সংগৃহীত।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিজয় নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে) গড়েন। গত লোকসভা ভোটে লড়েননি। জল্পনা ছিল, আসন্ন বিধানসভা ভোটে ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন তিনি। কিন্তু একাই লড়ছে তাঁর দল। দল ভোটে সংখ্যাগরিষ্ঠ হলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে বিজয়ের। অভিনেতা থেকে নেতা হয়ে উঠলে কী কী করবেন রাজ্যের নাগরিকদের জন্য?
ভোটের আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বার কাটাছেঁড়া হয়েছে। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। তাঁর ও তৃষার সম্পর্ক নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় বিজয় একটি জনসভা থেকে বলেছিলেন, ‘‘তাঁর ব্যক্তিগত জীবনের এ সব বিষয়কে পাত্তা দেওয়ার দরকার নেই। এ সব নিয়ে ভাবা মানে সময় নষ্ট করা।’’
পাশাপাশি তিনি এও জানান, তিনি সব ছেড়ে দিয়েছেন। রাজনীতি ছাড়া জীবনে আর কিছু নেই। যদিও ভোটের মুখে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি প্রভাব ফেলতে পারে ভোটবাক্সে, আশঙ্কা তাঁর অনুরাগীদেরই। তবে এই মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজয়। তিনি জানান, ভোটে জিতলে পরিবার পিছু ৬টা করে গ্যাস সিলিন্ডার বছরে দেবেন। তাও আবার যখন দেশ জুড়ে গ্যাস সঙ্কট। পাশাপাশি তিনি জানান, মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে ভাতা দেবেন তাঁদের হাত খরচের জন্য। এমন নানা জনদরদি প্রকল্প আদৌ কি তাঁকে রাজনেতা করে তুলবে! সময় উত্তর দেবে।