Utsav Mukherjee

‘যাঁরা আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তাঁরা কতটুকু জানেন!’ এখনও খোঁজ নেই উৎসবের, কী বললেন স্ত্রী

এখনও কোনও খোঁজ মেলেনি উৎসবের। মৌপিয়া স্পষ্ট জানান, ঘটনার তদন্ত পুলিশ করছে। তবে তাঁর কাছে এখনও পর্যন্ত উৎসবের কোনও খবর নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৮
Share:

প্রায় চার দিন পরেও নেই উৎসবের খোঁজ! ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাঁর। আনন্দপুর থানায় ‘মিসিং ডায়েরি’ করেছেন পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই তিনি জানিয়েছিলেন, নিমতার ‘পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক’-এ যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। তার পরে আর তিনি বাড়ি ফেরেননি। সেই ব্যাঙ্কেও গিয়েছিলেন মৌপিয়া। কোনও রকমের খোঁজ কি তিনি পেলেন?

Advertisement

এখনও কোনও খোঁজ মেলেনি উৎসবের। মৌপিয়া স্পষ্ট জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে তাঁর কাছে উৎসবের কোনও খবর নেই। মৌপিয়া বলেন, “আমি নিমতার সেই ব্যাঙ্কে গিয়েছিলাম। তবে ওরা আমাকে কিছু বলেনি। এখন পুলিশের হাতে তদন্ত। তাই ওরা পুলিশকেই যা বলার বলবে। আনন্দপুর থানা এবং লালবাজার থেকে একাধিক পুলিশ আধিকারিক ব্যাঙ্কে গিয়ে প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত চলছে।”

সমাজমাধ্যমে প্রথমে উৎসবের নিখোঁজ হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন মৌপিয়া। স্বামীর জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি। উৎসবের বন্ধু ও পরিচিতেরাও সেই পোস্টের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেন। তবে নেটাগরিকের একাংশ প্রশ্ন তুলতে থাকেন পরিচালকের স্ত্রীর দিকেও। মৌপিয়ার এই প্রসঙ্গে মন্তব্য, “আমাকে কেন কাঠগড়ায় তোলা হচ্ছে, কারাই বা তুলছে, তা জানি না। আমার কাঠগড়ায় দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। আমি একমাত্র মানুষ যে দিনরাত এক করে ছুটে বেড়াচ্ছি। পুলিশ আমার অভিযোগের পরে তদন্ত করছে। আমি যা যা জানি, সব পুলিশকে জানিয়েছি। এ বার কিছু মানুষ যদি নিজেদের মতো করে কিছু বলতে থাকে, সেখানে আমার কিছু করার নেই।”

Advertisement

স্বামী উৎসবের খোঁজে তিনি একাই দিনরাত এক করে ছুটছেন বলে দাবি মৌপিয়ার। তাঁর কথায়, “আমার স্বামী কোথায়, এই খোঁজে আমি একা ছুটে বে়ড়াচ্ছি। আর কেউ নেই। তাই আমার কাঠগড়ায় দাঁড়ানোর কোনও প্রশ্নই নেই। আমাকে কাঠগড়ায় দাঁড় করালে, আমার মনোবলটাই ভেঙে যাবে। আমার খারাপ কিছু হলে, উৎসবকে আর কেউ খুঁজবে না। সুতরাং যাঁরা কাঠগড়ায় আমাকে দাঁড় করাচ্ছেন, তাঁরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন, ‘তাঁরা কতটুকু জানেন?’” মৌপিয়া এও জানান, তিনি পুলিশি তদন্তে সহযোগিতা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement