Guilt Free Burger

এক খাবারেই ৪০ গ্রাম প্রোটিন! ওজন কমানোর খাদ্যতালিকায় সুস্বাদু সংযোজন হতে পারে অন্যরকম বার্গার

চপচপে তেলে ভাজা মাংসের প্যাটি, তাতে মোটা চিজ়ের পরত, নানা রকম সস আর দু’পাশে ময়দা দিয়ে তৈরি পাউরুটি— বার্গারের সব উপাদানেই গুচ্ছের স্যাচুরেটেড ফ্যাট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
Share:

এমন বার্গারে হতে পারে স্বাস্থ্যের অবনতি! ছবি : সংগৃহীত।

ভারতের যেমন বিরিয়ানি, আমেরিকানদের কাছে বার্গারও তেমনি। একই খাবারে শর্করা, প্রোটিন এবং মন ভরানো স্বাদ— সবই হবে। সেই বার্গার ক্রমে ভারতের মতো দেশেও জনপ্রিয়তা অর্জন করেছে নিজের স্বাদের গুণে। যদিও স্বাস্থ্যে তার প্রভাব গুরুতর। এতটাই যে আমেরিকার বাসিন্দাদের মোটা হওয়ার জন্য এক সময়ে তাদের বার্গারপ্রেমকেই দায়ী করা হয়েছিল!

Advertisement

চপচপে তেলে ভাজা মাংসের প্যাটি, তাতে মোটা চিজ়ের পরত, নানা রকম সস আর দু’পাশে ময়দা দিয়ে তৈরি পাউরুটি— বার্গারের সব উপাদানেই গুচ্ছের স্যাচুরেটেড ফ্যাট। এ জিনিস শরীরে গেলে এবং নিয়মিত যেতে থাকলে যে লিভার থেকে হার্ট সবেরই ক্ষতি হবে, সে ব্যাপারে সন্দেহ নেই কোনও। তবে চাইলে এমন বার্গারও বানানো যায়, যা খেয়ে শরীরের ক্ষতি তো হবেই না বরং উপকারই হবে বেশি।

তেমনই এক বার্গারের সন্ধান মিলেছে সমাজ মাধ্যমে। যে বার্গার খেলে মিলবে ৪০ গ্রাম প্রোটিন। অর্থাৎ দৈনিক প্রোটিনের চাহিদার অর্ধেক একাই পূরণ করবে একটি বার্গার। অথচ তাতে কোনও রকম ক্ষতিকর ফ্যাটও থাকবে না। বদলে হার্টের জন্য উপকারী কিছু স্বাস্থ্যকর স্নেহপদার্থ মিলতে পারে।

Advertisement

কী ভাবে বানাবেন?

পাউরুটির জন্য: ২টি গাজর কোরানো, একটি ডিম, অল্প নুন এবং গোলমরিচ। সব একসঙ্গে মিশিয়ে নিন। তার পরে কড়াইয়ে তেল বা ঘি দিয়ে মিশ্রণটি দু’ভাগে ভাগ করে ভাজতে দিন। চৌকো বা গোল— যেকোনও আকৃতি দিতে পারেন। তবে দু’টি একই আকারের হলে ভাল লাগবে। এক দিক ভাজা হয়ে গেলে উল্টে আরও এক বার ভেজে তুলে ফেলুন।

চিকেন প্যাটির জন্য: ১২০ গ্রাম মুরগির মাংসের টুকরো বেটে নেওয়া বা খুব মিহি করে কুঁচনো। এর সঙ্গে রসুন কুচি, নুন, গোলমরিচ, চিলি ফ্লেক্স— সব এক সঙ্গে মিশিয়ে নিয়ে ছোট ছোট প্যাটির মতো গড়ে নিন। তার পরে তেল দিয়ে এ পিঠ, ও পিঠ করে ভেজে নিন।

চিজ় এবং সসের বিকল্প: ৮০ গ্রাম জল ঝরানো দই, ১ চামচ সিরাচা সস একসঙ্গে মিশিয়ে নিন।

শেষ পর্যায়: এ বার পাউরুটির উপর মাংসের প্যাটি, সস এবং কিছু বাঁধাকপির টুকরো দিয়ে অন্য পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিলেই তৈরি হবে স্বাস্থ্যকর বার্গার। যা শরীরের ক্ষতি না করে উপকার করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement