কোন কোন বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়বে? ছবি: ফ্রিপিক।
খেলার ছলেই শিশুদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশ হয়। পড়াশোনার জন্য বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ জরুরি। জরুরি, মস্তিষ্ককে কর্মক্ষম করে তোলা। শিশুর মস্তিষ্কের দক্ষতা বৃদ্ধি ও বুদ্ধিমত্তার বিকাশে পুষ্টিকর খাবারও জরুরি। শিশুকে বাদাম খাওয়ালে তার স্মৃতিশক্তি যেমন বাড়বে, তেমনই বাড়বে মনঃসংযোগও।
কোন কোন বাদাম পুষ্টিকর?
কাঠবাদাম
এতে প্রচুর পরিমাণে ভিটামিন-ই রয়েছে, যা বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা রোধ করে। নিয়মিত ৬টি করে জলে ভেজানো কাঠবাদাম খেলে তা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে।
পেস্তা
পেস্তা সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিন। এতে ঠান্ডা জল বা দুধ মিশিয়ে মৌরি গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। চিনি না খেলে বদলে মধু বা মিছরি ব্যবহার করতে পারেন। গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন। পেস্তাবাদাম ফাইবার এবং প্রোটিনে সমৃদ্ধ। এই ভাবে খাওয়ালে শিশু খেতেও চাইবে এবং এটি শরীরে স্বাস্থ্যকর ফ্যাটের জোগানও দেবে।
কাজুবাদাম
কাজুবাদাম খেতে যেমন সুস্বাদু, তেমনি এতে প্রচুর পরিমাণে আয়রন এবং জ়িঙ্ক রয়েছে। নিয়মিত ৩টি করে কাজুবাদাম খেলে তা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড়ও মজবুত রাখে।
আখরোট
দেহের প্রদাহ রোধ করতে সাহায্য করে আখরোট। পাশাপাশি, আখরোটের মধ্যে অধিক পরিমাণে ফাইবার থাকে, যা পেটের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। আখরোটের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনলের পরিমাণ বেশি থাকে। তাই মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতেও আখরোঠ উপকারী। স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে আখরোট।