Healthy Recipes

ক্যালশিয়ামের ঘাটতি, মুখে অরুচি! বয়স্ক মায়ের জন্য পুষ্টিকর অথচ ভিন্ন স্বাদের খাবার বানিয়ে দিন

বয়স হলে শরীরে নানা রোগ বাসা বাঁধে। খাবার খেতেও ইচ্ছে হয় না সব সময়ে। শরীরের ভিটামিন ও নানা খনিজের ঘাটতিও দেখা দিতে থাকে। তাই এমন অবস্থায় পুষ্টিকর খাবারেরই প্রয়োজন। একঘেয়ে খাবারের বদলে অন্য রকম স্বাদের কিছু খাবার বানিয়ে দিন বয়স্ক মায়ের জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪১
Share:

বয়স্ক মায়ের পছন্দ হবে, কী কী খাবার বানিয়ে দেবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বদলে যাওয়া সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। বয়স্ক মানুষদের জন্য তা আরও কঠিন হতে পারে। তাই বাড়ির বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে তাঁরা সুস্থ, সুখী এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন। বয়সকালে নানা রোগব্যাধি মাথাচাড়া দিতে থাকে। স্বাস্থ্য সংক্রান্ত নানা রকম সমস্যাও দেখা দেয়। দেখবেন, বয়স্কদের খাবার খেতেও অনীহা জন্মায়। কিন্তু বয়সকালে বিশেষ করে মহিলাদের খাওয়াদাওয়ার প্রতি যত্ন একটু বেশিই নিতে হয়। হরমোনের তারতম্যের কারণে ক্যালশিয়ামের ঘাটতি বেশি হয় মহিলাদের। পাশাপাশি আরও নানা শারীরিক সমস্যাও দেখা দেয়। তাই বয়স্ক মা একঘেয়ে খাবার খেতে না চাইলে, পুষ্টিকর অথচ অন্য রকম স্বাদের কিছু বানিয়ে দিতে পারেন। এমন খাবার তৈরি করতে হবে যা থেকে ভিটামিন, খনিজ ও ফাইবারের চাহিদা পূরণ হয়।

Advertisement

পালং-ভুট্টার স্যান্ডইউচ

সকালের জলখাবারে দুধ-কর্নফ্লেক্স বা রুটি-সব্জির বদলে এই স্বাস্থ্যকর স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। এর জন্য লাগবে ৪টি মাল্টিগ্রেন পাউরুটি, ১ কাপের মতো কুচনো পালং শাক, আধ কাপ সেদ্ধ মিষ্টি ভুট্টার দানা, ১ চামচ অলিভ অয়েল বা মাখন, ১ চামচের মতো লো-ফ্যাট চিজ় নিয়ে নিন। প্রথমে প্যানে অলিভ অয়েল বা মাখন গরম করে তাতে পালং শাক ও ভুট্টার দানাগুলি নুন ও গোলমরিচ দিয়ে হালকা নেড়ে নিন। এ বার দু‘টি করে পাউরুটির মাঝে পালং-ভুট্টার স্প্রেড দিয়ে উপরে চিজ়ের টুকরো ও গোলমরিচ ছড়িয়ে পাউরুটি হালকা করে টোস্ট করে নিন। এ বার মাঝখান থেকে কেটে থালায় সাজিয়ে দিন। এর সঙ্গে নানা রকম ফল কুচিয়ে ফ্রুট স্যালাড বানিয়েও দিতে পারেন।

Advertisement

রাগি-সব্জির প্যানকেক

এই খাবারটি মুখরোচক এবং স্বাস্থ্যকর। রাগি থেকে ভরপুর মাত্রায় প্রোটিন, ফাইবার, আয়রন ও ক্যালশিয়াম ঢুকবে শরীরে। নানা রকম সব্জি খনিজের ভারসাম্য রক্ষা করবে। মুখে অরুচি হলে এই খাবারটি বানিয়ে দিতে পারেন। এর জন্য লাগবে আধ কাপের মতো রাগি, আধ কাপের মতো নানা সব্জি যেমন গাজর, বিন, ক্যাপশিকাম, পেঁয়াজ, টম্যাটো সব কুচিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মিশিয়ে অল্প জল এবং নুন ও গোলমরিচ ছড়িয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। প্যানে সামান্য মাখন গরম করে ব্যাটার থেকে গোল গোল করে নিয়ে প্যানকেকের মতো দু‘পিঠ ভেজে নিন। টক দইয়ের সঙ্গে পরিবেশন করুন।

মিষ্টি কুমড়ো ও বাদামের স্যালাড

মিষ্টি কুমড়ো ছোট কিউব করে কেটে হালকা ভাপিয়ে বা সেঁকে নিন। এর সঙ্গে ভাজা চিনাবাদাম, আখরোট এবং ধনেপাতা মেশান। চাইলে শসা, টম্যাটো কুচিও মেশাতে পারেন। উপরে সৈন্ধব নুন ও গোলমরিচ ছড়িয়ে দিন। এই স্যালাড খেলে হজমশক্তি ভাল। তা ছাড়া চোখের জন্যও খুব ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement