Bottle Gourd Recipes

লাউ দেখেই নাক সিঁটকায় বাড়ির খুদেরা? সুস্বাদু উপায়ে রেঁধে ফেলুন এই সব্জি, রইল ৫ পদের সন্ধান

গরমকালে শরীর ঠান্ডা রাখা, জলশূন্যতা এড়ানো এবং হজম ভাল রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার। সুস্বাদু রূপে হাজির করলে লাউও চেটেপুটে খাবেন সকলে। রইল ৫ রকমের পদের সন্ধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৯:১৮
Share:

লাউ দিয়ে তৈরি সুস্বাদু খাবার। ছবি: এআই সহায়তায় প্রণীত।

লাউয়ের নাম শুনলেই মুখ গম্ভীর হয়ে যায় বাড়ির ছোটদের? পথ্য হিসেবে লাউকে দূরে ঠেলে রাখার প্রবণতা রয়েছে বড়দের মধ্যেও। জলে ভরা, ফাইবারে পরিপূর্ণ, কম ক্যালোরিযুক্ত আর পেটের জন্য আরামদায়ক এই সব্জির তরকারি একঘেয়ে লাগে অনেকেরই। অথচ গরমকালে শরীর ঠান্ডা রাখা, জলশূন্যতা এড়ানো এবং হজম ভাল রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার। পুষ্টিবিদদের মতে, লাউয়ে প্রায় ৯৫ শতাংশ জল থাকে। পাশাপাশি এটি কম ক্যালোরিযুক্ত, সহজপাচ্য এবং অন্ত্রের জন্য ভাল। তাই সুস্বাদু রূপে হাজির করলে লাউও চেটেপুটে খাবেন সকলে। রইল ৫ রকমের পদের সন্ধান।

Advertisement

লাউয়ের ভর্তা: মাখা মাখা ভর্তা দিয়ে ভাত মেখে খেলে তৃপ্ত হবে মন। গোটা লাউ আগুনে ঝলসে নিয়ে ছাল ছাড়িয়ে নিন। তার পর ভাল করে চটকে নিন হাতের চাপে। অন্য দিকে কড়াইয়ে বড়ি, জিরে, হিং, পেঁয়াজকুচি, আদাকুচি, টম্যাটোকুচি, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে কষিয়ে নিন, তার পর কষানো মশলায় লাউমাখা ঢেলে দিন। শেষে কসৌরি মেথিগুঁড়ো, ধনেপাতাকুচি, লেবুর রস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

লাউয়ের ভর্তা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

লাউয়ের রুটি: লাউ গ্রেট করে রেখে দিন এক পাশে। তার পর আটা মাখার সময়ে লাউ তাতে মিশিয়ে দিন। সাধারণ রুটি বানানোর নিয়ম মেনে লেচি তৈরি করুন। তার পর বেলে বেলে রুটি সেঁকে নিন। লাউয়ের গুণে ভরা রুটি গরমের সময়ে বেশ আরামদায়ক হতে পারে। যাঁদের লাউ না-পসন্দ, তাঁরাও এই নতুন ধরনের রুটি খেয়ে নিতে পারেন।

Advertisement

লাউয়ের ‌উত্তাপম: চাল ধুয়ে ভিজিয়ে রাখার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিন। সঙ্গে সেদ্ধ করা আলু এবং গ্রেট করা লাউ মিশিয়ে দিন। তার পর সেই ব্যাটারে ধনেপাতা, কারিপাতা, কাঁচালঙ্কা, পেঁয়াজ মিশিয়ে দিন। এ বার প্যান গরম করে সর্ষে, তিসি মিশিয়ে ব্যাটারটা গোল করে ঢেলে ঢেলে উত্তাপম বানিয়ে নিন। অল্প টম্যাটো সস দিয়ে উত্তাপম পরিবেশন করুন। চেটেপুটে খাবে খুদেরাও।

উত্তপম বানাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

লাউয়ের রায়তা: গরমে ভারী খাবার খাওয়ার পর ঠান্ডা ও আরামদায়ক কিছু খেতে ইচ্ছা করলে লাউয়ের রায়তা ভাল বিকল্প হতে পারে। সেদ্ধ করা লাউ, টক দই, ভাজা জিরে আর পুদিনা মিশিয়ে এই পদ বানাতে পারেন। শরীর ঠান্ডা রাখবে, পাশাপাশি রায়তার স্বাদ যোগ হয়ে খেতেও ভাল লাগবে।

খোসা দিয়ে ভাজা খেতে পারেন। ছবি: সংগৃহীত

লাউয়ের খোসা ভাজা: লাউয়ের মতো তার খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রয়োজনীয় নানা রকম খনিজ রয়েছে, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তাই খোসা ফেলে না দিয়ে মুখরোচক ভাজা বানিয়ে খাওয়াতে পারেন বাড়ির সকলকে। বাজার থেকে লাউ কিনে নুন-গরম জলে খোসা ধুয়ে তার পর রান্না করতে হবে। খোসাগুলি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিন, তার পর সেগুলি কালোজিরে ফোড়ন দিয়ে ভেজে পরিবেশন করুন ডালের কিংবা অল্প ঘি ছড়ানো ভাতের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement