দু’বেলা ব্রাশ করেও মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে? ছবি: সংগৃহীত।
সামান্য খোঁচা লাগলেই মাড়ি থেকে রক্ত পড়ে অনেকের। কিন্তু কেন এটা হয়, জানেন না অনেকেই। কেবল একটা আবছা ধারণা আছে, দাঁতের অথবা মাড়ির জোর কমে গেলে বা সেখানকার পেশিতে আঘাত লাগলে এমনটা হয়! অনেকের ধারণা, কেবল দাঁতের অযত্নের কারণেই বুঝি মাড়ি থেকে রক্ত বেরোয়। তবে অপরিচ্ছন্নতা বা দাঁতের প্রতি অযত্নই কিন্তু মাড়ি থেকে রক্তপাতের এক মাত্র কারণ নয়। জানেন কি, আর কোন কোন কারণে রক্তপাত হয় মাড়ি থেকে?
চিকিৎসকেরা বলছেন, প্লাক নামক এক ধরনের জীবাণুর প্রভাবে এই সমস্যা হতে পারে। মাড়ির টিস্যুগুলির স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে ধূপমান। কাজেই ধূমপায়ীদের আকছার এই সমস্যা হয়। অন্তঃসত্ত্বা মেয়েরা অনেক সময় হরমোনের ওঠানামার কারণে এই রোগের স্বীকার হন। ভিটামিন সি, ভিটামিন কে ও জলের অভাব মাড়ির সমস্যা তৈরি করে। অনেকে বংশগত ভাবে এই রোগের শিকার হন। যাঁরা রক্ত তরল করার ওষুধ খান, তাঁদেরও অনেক সময় মাড়ি থেকে রক্তপাত হয়।
কী ভাবে আটকাবেন?
দাঁতের যত্ন: মাড়ির চারপাশে নোংরা জমে রক্ত পড়ার সমস্যা হয়। তাই মুখ ঠিক করে পরিষ্কার করতে হবে। দিনে দু’বার দাঁত মাজা, একবার ফ্লস করা এবং যে কোনও খাবার খাওয়ার পরেই কুলকুচি করা আবশ্যিক। না হলে ব্যাক্টেরিয়া জমে মাড়িতে নানা জটিলতা তৈরি করতে পারে।
ধূমপান বন্ধ: দাঁত দিয়ে রক্ত পড়ার একটি বড় কারণ নিকোটিন। ধূমপান বন্ধ করে দেখুন কোনও রকম ফারাক হয় কি না।
ডায়েটে ভিটামিন: গাজর, কমলালেবু, মোসাম্বির মতো ফল-সব্জি, যাতে ভিটামিন সি রয়েছে, সেগুলি বেশি করে খান। দাঁতের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। রক্ত জমাটের জন্য ভিটামিন কে খুবই জরুরি। ভিটামিন কে সমৃদ্ধ ওষুধ খেলে দাঁত দিয়ে রক্ত পড়া কমে যেতে পারে। কিংবা সবুজ শাকসব্জি বেশি করে খেতে হবে।
নুনজল: নুন-জলে কুলি করা সবচেয়ে উপকারী টোটকা। বেসিনের পাশে একটি বোতলে নুন-জল রেখে দিন। প্রত্যেক বার মুখ ধোয়ার পর এক বার করে কুলি করে দিন। ৩-৪ দিনে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।