Lean and Bulk Mode Foods

পেশি বানাবেন, না রোগা হবেন? দু’রকম ইচ্ছাই পূরণ হতে পারে সহজ ডায়েটে, কিসে কী খাবেন

কেউ রোগা হবেন, কেউ বানাবেন পেশি, খাওয়ার পাতে কী রাখবেন, তা নিয়ে রোজের বিভ্রান্তি! সম্প্রতি অভিনেত্রী তমন্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ রোগা বা পেশিবহুল হওয়ার প্রকৃত উপায় নিয়ে কথা বললেন সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:১৬
Share:

উদ্দেশ্য যা-ই হোক, খেতে হবে স্বাস্থ্যকর, সুষম খাবারই। ছবি: সংগৃহীত।

চারদিকে রোগা হওয়ার সহজ উপায় খোঁজার ধুম পড়েছে। কেউ ভাত বাদ দিচ্ছেন, কেউ চিনি, কেউ বা ময়দা, কেউ আবার রয়েছেন উপবাসে। খাবারের রসাস্বাদন ভুলে কেবল ক্যালোরি গুনছেন লোকে। উল্টো দিকে, পেশি গঠন, ওজন বৃদ্ধির জন্যও কসরত করে চলেছেন কেউ কেউ। খাওয়ার পাতে কী রাখবেন, তা নিয়ে রোজের বিভ্রান্তি। সম্প্রতি অভিনেত্রী তমন্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ রোগা এবং পেশিবহুল হওয়ার প্রকৃত উপায় নিয়ে কথা বললেন সমাজমাধ্যমে।

Advertisement

রোগা হওয়া

রোগা হওয়ার জন্য কম ক্যালোরির খাবার খেতে হয়। কিন্তু কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিলে শরীর তার জ্বালানি পায় না। এর জেরেই মস্তিষ্ক কাজ করতে পারে। ধীরে ধীরে শরীর দুর্বল হতে শুরু করে। গায়ে বল পাওয়া যায় না। দীর্ঘদিন এ ভাবে চললে কেটোসিস নামক বিপাকীয় সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু কে শোনে কার কথা! ভাত-রুটি বাদ দিয়ে রোগা হওয়ার পিছনে ছুটেছেন শয়ে শয়ে লোক। এ ভাবে সুস্থ থেকে রোগা হওয়া যায় না বলে মত সিদ্ধার্থের। তিনি বলছেন, কার্বোহাইড্রেট রোগা হওয়ার পথে বাধা সৃষ্টি করে না। সমস্যা লুকিয়ে অন্যত্র। আর তা হল, খাবারের পরিমাণ। কতখানি খাচ্ছেন, সেটা বুঝতে হবে। ভাত-রুটি খেয়েই রোগা হওয়া যায়, কিন্তু পরিমিত পরিমাণে। প্রশিক্ষকের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবারের ভারসাম্য। শুধু ভাত বা শুধু রুটি খেলে হবে না। তার সঙ্গে পর্যাপ্ত প্রোটিন, সব্জি এবং ফাইবারযুক্ত খাবারও থাকা প্রয়োজন। এতে রক্তে শর্করার ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘ সময় পেট ভরার অনুভূতি পাওয়া যায়। তাই খাবারের থালায় কার্বোহাইড্রেটের পাশাপাশি পর্যাপ্ত প্রোটিন এবং সব্জি রাখুন। অর্থাৎ শুধু ভাতের পাহাড় বা শুধু রুটির স্তূপ নয়, বরং সুষম খাবারের দিকে নজর দিন। এই পদ্ধতি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং একই সঙ্গে শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও দেয়। এ ক্ষেত্রে শাকসব্জি, ফলমূল, চর্বিহীন প্রোটিন, অল্প পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, স্টার্চহীন খাবার খেতে হবে।

Advertisement

পেশি গঠন করা

পেশি তৈরির উদ্দেশ্যে শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করার একটি পদ্ধতি হল ‘বাল্কিং’। নিয়মিত ভারী ব্যায়ামের পাশাপাশি প্রয়োজনীয় ক্যালোরির চেয়ে বেশি খাবার খেতে হয়। যা শরীরের ওজনের সঙ্গে সঙ্গে পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। তবে দুই পদ্ধতিরই মূল লক্ষ্য হল, সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে শরীরের পেশি ও শক্তির বিকাশ ঘটানো। ফিটনেস প্রশিক্ষক বলছেন, চিজ় এবং মাখন খেলে ক্যালোরি বেশি গ্রহণ করা যায়। অল্প একটু মাখনেই অনেকখানি ক্যালোরি থাকে। তাই পরিমাণ বুঝে খেতে হবে। এ ক্ষেত্রে ক্যালোরি ও পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকে বেশি নজর দিতে হবে। চর্বিহীন প্রোটিন (মুরগির মাংস, ইয়োগার্ট, পনির, প্রোটিন পাউডার ইত্যাদি), স্বাস্থ্যকর ফ্যাট (ঘি, অ্যাভোকাডো, পিনাট বাটার, অলিভ অয়েল, ফলমূল, শাকসব্জি) ইত্যাদি খেতে হবে। বাদ দিতে হবে প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি মেশানো পানীয় বা স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement