মোজায় লুকিয়ে কোন সমস্যা? ছবি: শাটারস্টক।
অনেকেই আছেন যাঁরা পায়ের সুরক্ষার কথা ভেবে সারা ক্ষণ মোজা পরে থাকেন। বিশেষ করে শীতে মোজা পরে থাকলে আরাম লাগে, আবার পায়ের ত্বকের ক্ষতিও হয় না। তবুও সারা ক্ষণ মোজা পরে থাকার অভ্যাস কিন্তু মোটেও ভাল নয়। কেন সাবধান হবেন, জেনে নিন।
১) সব সময় পায়ে মোজা পরে থাকলে পায়ের চারপাশে বায়ু চলাচল সীমিত হয়ে যায়। কিছু কিছু মোজার ক্ষেত্রে অল্পবিস্তর বায়ু প্রবেশ করতে পারলেও খুব বেশি আঁটোসাঁটো আর সিন্থেটিক কাপড়ের মোজায় সে যুযোগ নেই। এই অভ্যাসের কারণে ছত্রাক অথবা ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। বর্ষাকালে এই সমস্যা আরও বেশি হয়।
২) দীর্ঘ ক্ষণ মোজা পরে থাকলে পায়ের দুর্গন্ধের সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। এ ক্ষেত্রে পা যত খোলা রাখতে পারবেন, ততই বাতাস লাগবে পায়ে।গন্ধ হবে না।
৩) বেশি সময় পায়ে মোজা পরে থাকলে পায়ের চামড়া ঘেমে ত্বকে সংক্রমণ হতেই পারে। বিশেষ করে সেই মোজা যদি নাইলনের হয়, তা হলে ক্ষতির আশঙ্কা অনেকটাই বেশি। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে বিশেষজ্ঞরা সব সময়ে সুতির জিনিস পরার পরামর্শ দেন। দীর্ঘ ক্ষণ মোজা পরে থাকলে ত্বকে র্যাশ হওয়ার আশঙ্কাও বাড়ে।
৪) পায়ে ফোস্কা পড়লে মোজা পরার আগে সতর্ক হতে হবে। অনেক ক্ষণ মোজা পরে থাকলে ফোস্কা ফেটে সমস্যা বাড়তে পারে।
৫) খুব আঁটোসাঁটো মোজা পরলে পায়ের উপরিভাগে চাপ পড়ে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে।