US Iran War

‘শত্রু পাইলটকে জীবন্ত ধরে আনুন’! মার্কিন যুদ্ধবিমান ভেঙে পড়তেই ইরানে জনতার কাছে আর্জি, চলছে রুদ্ধশ্বাস তল্লাশি

ইরানে ভেঙে পড়েছে এফ-১৫ই যুদ্ধবিমান। এতে এক জন পাইলট এবং পিছনের আসনে এক অস্ত্র নিয়ন্ত্রণকারী অফিসার থাকেন। এক জনকে উদ্ধার করা গেলেও অন্য জন এখনও নিখোঁজ। তাঁকে খুঁজছে আমেরিকা ও ইরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:৪১
Share:

ইরানে যুদ্ধরত আমেরিকার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।

দক্ষিণ-পশ্চিম ইরানে আমেরিকার একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে তেহেরান। তাতে দু’জন পাইলট ছিলেন। এক জনকে উদ্ধার করা গেলেও আর এক জনের খোঁজ এখনও পায়নি মার্কিন সেনা। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এই পরিস্থিতিতে ইরান জুড়ে ‘শত্রু’ পাইলটকে জীবন্ত ধরে আনার ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন ইরানি সংবাদমাধ্যম এই কাজে পুরস্কারও ঘোষণা করেছে। বলা হচ্ছে, মার্কিন যুদ্ধবিমানের ওই পাইলটকে যদি জীবন্ত অবস্থায় উদ্ধার করে ইরানি সেনার হাতে তুলে দেওয়া যায়, সেনা উপযুক্ত সম্মান এবং পুরস্কার দেবে।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইম্‌স জানিয়েছে, ইরানে ভেঙে পড়া বিমানটি এফ-১৫ই। এতে এক জন পাইলট থাকেন। পিছনের আসনে থাকেন এক জন অস্ত্র নিয়ন্ত্রণকারী অফিসার। সংবাদসংস্থা এপি-র রিপোর্ট বলছে, দক্ষিণ-পশ্চিম ইরানে মার্কিন যুদ্ধবিমানটি ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে পাইলট বেরিয়ে গিয়েছিলেন। তবে তিনি কী অবস্থায় আছেন, এখনও স্পষ্ট নয়। ওই বিমানের আর এক অফিসারকে উদ্ধার করেছে মার্কিন সেনা। দ্বিতীয় জনের খোঁজ চলছে। দক্ষিণ-পশ্চিম ইরানের কোহ্‌গিলুয়ে এবং বয়ের-আহমাদ প্রদেশে মার্কিন যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। এটি দুর্গম পার্বত্য এলাকা। ইরানের সংবাদমাধ্যম এবং টিভি চ্যানেলে এই সমস্ত এলাকার মানুষদের উদ্দেশে বলা হচ্ছে, ‘‘আমেরিকান পাইলটকে খুঁজতে আমাদের সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আপনারা যদি শত্রু দেশের ওই পাইলটকে ধরতে পারেন এবং সেনার হাতে তুলে দেন, অনেক পুরস্কার ও বোনাস পাবেন।’’

কোনও কোনও সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, মার্কিন পাইলটকে খুঁজে পেলেই গুলি করে দেওয়া হোক। তবে ইরানের সশস্ত্র বাহিনী বিবৃতি দিয়ে অনুরোধ করেছে, আমেরিকান পাইলটকে খুঁজে পেলে কেউ যেন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার না-করেন। তাঁকে যেন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সংবাদমাধ্যমে আরও দাবি, মার্কিন পাইলটকে খুঁজতে ইরানের ওই দুর্গম এলাকায় ভিড় জমতে শুরু করেছে। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে দূরদূরান্ত থেকে সেখানে পৌঁছে গিয়েছেন।

Advertisement

হরমুজ় প্রণালীর কাছে আমেরিকার আরও একটি যুদ্ধবিমান এ-১০ গুলি করে নামানো হয়েছে বলে দাবি করছে তেহরান। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে দুই আমেরিকান আধিকারিক সে কথা নিশ্চিত করেছেন। তবে সেই বিমানের পাইলট সুরক্ষিত। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত একটি বিমান ভাঙার কথাই স্বীকার করেছে ওয়াশিংটন। মার্কিন আধিকারিকেরা রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজ পাইলটের খোঁজে তাঁরা তল্লাশি চালাচ্ছেন। আমেরিকার একটি এফ-৩৫ যুদ্ধবিমানও গুলি করে নামানো হয়েছে বলে দাবি করেছে ইরান। ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সে সম্পর্কে আমেরিকা এখনও কোনও মন্তব্য করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement