Donut Side effects

ডোনাট খেতে ভালবাসেন? একটি চকোলেট ডোনাট শরীরে শর্করার মাত্রা কতটা বাড়িয়ে দেয় জানেন?

ক্যাফেতে বন্ধুদের সঙ্গে আড্ডায় অমন মাখনের গন্ধে ভরা চকোলেট ডোনাটে কামড় দিতে ভাল লাগারই কথা, কিন্তু ওই একটি ডোনাটই শরীরের সুস্থ থাকার নানা হিসাব নিকাষ গুলিয়ে দিতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:০৫
Share:

ছবি: সংগৃহীত।

রসে ডোবানো নয়, খুব চড়া মিষ্টিও নয়। বরং খানিক মাখনের গন্ধ আর খুব সামান্য নোনতা স্বাদ থাকা স্পঞ্জের মতো নরম আমেরিকান মিষ্টি হল ডোনাট। যাঁরা মিষ্টিপ্রেমী নন, তাঁরাও এমন স্বাদের মিষ্টি হাতের কাছে পেলে কামড় না বসিয়ে থাকতে পারেন না। আর যাঁরা মিষ্টি খেতে ভালবাসেন তাঁদের কথা তো ছেড়েই দেওয়া গেল। তাঁরা সুযোগ পেলে মিন্ট, চকোলেট, স্ট্রবেরি— ইত্যাদি নানা টপিংয়ের ডোনাট চেখে দেখবেন।

Advertisement

ক্যাফেতে বন্ধুদের সঙ্গে আড্ডায় অমন মাখনের গন্ধে ভরা চকোলেট ডোনাটে কামড় দিতে ভাল লাগারই কথা, কিন্তু ওই একটি ডোনাটই শরীরের সুস্থ থাকার নানা হিসাব নিকাষ গুলিয়ে দিতে পারে। বাড়িয়ে দিতে স্বাস্থ্য সংক্রান্ত বিপদের ঝুঁকি।

১। রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি

Advertisement

একটি মাঝারি আকারের চকোলেট ডোনাটে প্রায় ১৫ থেকে ২০ গ্রাম চিনি থাকে। তার উপরে এটি যেহেতু ময়দা দিয়ে তৈরি, তাই এর গ্লাইসেমিক ইনডেক্সের মাত্রাও অত্যন্ত বেশি থাকে। ফলে ডোনাট খাওয়ার সঙ্গে সঙ্গেই রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা সুনামির মতো দ্রুতগতিতে বাড়তে থাকে।

এই হঠাৎ শর্করার বৃদ্ধি সামাল দিতে হলে শরীরের অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন পড়ে। এক-আধদিন তেমনটা হলে হয়তো অসুবিধা হয় না। কিন্তু নানা খাবারের জন্য যদি ক্রমাগত শরীরের ইনসুলিনের প্রয়োজন পড়ে, তখন একটা সময় ইনসুলিনও কাজ করবে না। শরীরের সেই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনাও তৈরি হতে পারে। যে রোগ পুরোপুরি সাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

২। ক্ষতিকর ফ্যাট থেকে হার্টের ক্ষতি

ডোনাট সাধারণত ডুবো তেলে ভাজা হয় এবং মূলত তার উপরে ছড়ানো থাকে চকোলেটের আস্তরণ। একটি চকোলেট ডোনাট থেকে শরীরে প্রায় ১০ থেকে ১২ গ্রাম ফ্যাট যায়, যার সিংহভাগই স্যাচুরেটেড এবং অত্যন্ত ক্ষতিকর ট্রান্স ফ্যাট। এই ধরনের ফ্যাট রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএল বাড়িয়ে দেয় এবং ‘ভাল’ কোলেস্টেরল বা এইচিএল কমিয়ে দেয়। ফলে ধমনীতে অতিরিক্ত চর্বি জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

যা মনে রাখা উচিত

ডোনাটে কোনও পুষ্টিগুণ বা ফাইবার থাকে না, এটি কেবলই ‘নির্গুণ ক্যালরি’ তাই যদি মেদ বৃদ্ধি করতে না চান এবং হার্টকে সুরক্ষিত রাখতে চান, তবে ডোনাট থেকে দূরে থাকাই ভাল। মাঝে মধ্যে অর্থাৎ ন’মাসে, ছ’মাসে খাওয়া হলে এক কথা। তার বেশি না খাওয়াই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement