‘রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব’— বলেছিলেন ভগবান মহাদেবের অবতার
বাবা লোকনাথ। বহু বাঙালি হিন্দু বাড়িতেই আড়ম্বরের সঙ্গে বাবা লোকনাথের পুজো করা
হয়। হিন্দু বিশ্বাস মতে, জন্মাষ্টমী তিথিতে জন্ম হয়েছিল বাবা লোকনাথের। সেই কারণে
বিশেষ এই দিনে শ্রীকৃষ্ণের পাশাপাশি লোকনাথ ব্রহ্মচারীর পুজোরও চল দেখা যায়। এরই
সঙ্গে লোকনাথ বাবার তিরোধান দিবসের দিনও তাঁর পুজো করার চল রয়েছে। জ্যৈষ্ঠ মাসে
পালিত হয় তাঁর তিরোধান দিবস। চলতি বছর কবে পড়ছে সেই বিশেষ দিন এবং বাড়িতে কী
উপায়ে তাঁর পুজো করলে আশীর্বাদ প্রাপ্ত হবে, জেনে নিন।
কবে পড়ছে লোকনাথ বাবার পুজো?
চলতি বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে ৩ জুন, বুধবার।
বাংলায় ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২। লোকনাথ ব্রহ্মচারীর পুজো করার বিশেষ কোনও সময়সূচি হয় না।
১৯ জ্যৈষ্ঠ সারা দিন যে কোনও সময়ই লোকনাথ বাবার পুজো করা যেতে পারে। কিন্তু
সাধারণত দিনের আলো থাকাকালীন সময়ই লোকনাথের পুজো করা হয়।
উপায়:
- লোকনাথ বাবার পুজো করার ক্ষেত্রেও বিশেষ কোনও উপায় মেনে
চলতে হয় না। তিনি অল্পেই খুশি হন। তবে বিশেষ কিছু জিনিস লোকনাথ বাবার অতি পছন্দের।
ব্রহ্মচারীর উপাসনায় সেই জিনিসগুলি রাখা জরুরি।
- প্রচলিত বিশ্বাস অনুযায়ী, লোকনাথ বাবা মিছরি এবং অমৃতি খেতে
খুবই পছন্দ করেন। তাই ব্রহ্মচারীর পুজোয় এই দুই জিনিস নৈবেদ্য হিসাবে অর্পণ করতে
পারলে খুব ভাল হয়। এরই সঙ্গে সাদা রঙের যে কোনও মিষ্টি দেওয়া যেতে পারে।
- নৈবেদ্যতে ফল হিসাবে মরসুমি ফল দিতে হবে। তালশাঁস ও কালোজাম
বাবার অতি পছন্দের ফল হিসাবে পরিচিত। এ ছাড়া মনোমতো যে কোনও নৈবেদ্য যেমন খিচুড়ি, পোলাও প্রভৃতি নিরামিষ খাবার দেওয়া যেতে পারে।
- লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল
এবং যে কোনও সাদা ফুল ও বেলপাতা।
- লোকনাথ বাবা যে হেতু মহাদেবের অবতার হিসাবে পরিচিত, তাই
তাঁর পুজোর আগে দেবাদিদেবের পুজো করে নিতে হবে। এতে বাবা লোকনাথের আশীর্বাদ
প্রাপ্তি ঘটবে।
- সাদা রং লোকনাথ বাবার অতি পছন্দের বলে মনে করা হয়। তাই
ব্রহ্মচারীর পুজো করার সময় সাদা রঙের জামা পরে পুজো করতে পারলে ভাল হয়।
- কারও জন্মকুণ্ডলীতে যদি বিষযোগ, দারিদ্রযোগ
বা কেন্দ্রদ্রুম যোগ থেকে থাকে, তা হলে অবশ্যই এই দিন লোকনাথ
বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি
লোকনাথ বাবার পুজো করা যায়, তা হলে শুভ ফল পাওয়া যাবে খুব
তাড়াতাড়ি।