সকলের তালু সমান নয়। আমাদের তালু সঠিক ভাবে পরীক্ষা করলে দেখা
যায়, তালুর পৃথক পৃথক অংশ উঁচু হয়। আবার কোনও কোনও অংশ নীচু হয়। বহু মানুষের আবার তালুতে নানা দাগও থাকে। হস্তরেখাবিদ্যা
জানাচ্ছে, তালুর এক একটি উঁচু ভাগ এক এক
গ্রহের সঙ্গে সম্পর্কিত। কোনও ব্যক্তির রেখা এবং
গ্রহক্ষেত্র দেখে তাঁর ব্যক্তিত্ব এবং জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়।
তালুতে মঙ্গলের গ্রহক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলের
সঙ্গে সম্পর্কিত মঙ্গলপর্বতের বিভিন্নতায় মানুষের ব্যক্তিত্বেও নানা পরিবর্তন দেখা
যায়। হস্তরেখাশাস্ত্র অনুযায়ী, এটি আপনার বৃদ্ধাঙ্গুলি এবং
তর্জনীর মাঝের অংশ এবং কনিষ্ঠার নীচের অংশে দেখা যায়। মঙ্গলপর্বতের অবস্থান মানুষের
সাহস,
শক্তি, ধৈর্য এবং লড়াই করার মানসিকতাকে নিয়ন্ত্রণ
করে।
- যাঁদের তালুতে মঙ্গলপর্বত
পূর্ণ বিকশিত থাকে, তাঁরা সাহসী
এবং নির্ভীক হন। তাঁরা দৃঢ়সংকল্প হয়ে জীবনের ভারসাম্য বজায় রেখে চলেন। সাহসের সঙ্গে
কঠিন পরিস্থিতির মোকাবিলা করেন এবং চটজলদি সমাধান খুঁজে বার করেন। এমনকি, নিজেদের
জীবনে অনেক সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময়ও বিচলিত হন না। উচ্চ মঙ্গলপর্বত থাকা
জাতক-জাতিকারা অবিচার অপছন্দ করেন। পেশাজীবনে তাঁরা সামরিক বাহিনী বা পুলিশ
বিভাগে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন। এই ধরনের ব্যক্তিরা সমাজে নেতৃত্ব দেওয়ার
ক্ষমতাও রাখেন।
- যদি তালুতে মঙ্গলের ক্ষেত্র
শুক্রের দিকে ঝুঁকে থাকে, তবে এই ধরনের
ব্যক্তিরা বন্ধুত্বের সম্পর্কে যে কোনও রকম ত্যাগস্বীকার করতে প্রস্তুত থাকেন।
একই ভাবে, যদি তাঁদের কোনও শত্রু থাকে, তবে বৈরী আচরণ করতেও পিছপা হন না। হস্তরেখাশাস্ত্র অনুসারে, এই ধরনের ব্যক্তি রাজকীয় ভাবে জীবনযাপন করতে ভালবাসেন। অধিকাংশ সময়
নিজেদের জাঁকজমকপূর্ণ জীবন প্রদর্শন করতেও পছন্দ করেন। কোনও কাজ মাঝপথে আটকে গেলে,
তাঁরা তা সম্পন্ন করতে পারদর্শী হন।
- যদি মঙ্গলপর্বত অতিরিক্ত উঁচু
হয়, তবে তা অশুভ বলে মনে করা হয়।
হস্তরেখাশাস্ত্র অনুসারে, এমন ব্যক্তিদের যে কোনও রকম
সিদ্ধান্ত সাবধানে বিবেচনা করা উচিত। তাঁরা স্বভাবগত ভাবে নির্জনতা পছন্দ করেন এবং
লোকজনের সঙ্গে মেলামেশা পছন্দ করেন না। এই ধরনের জাতক-জাতিকারা কোনও বিষয়েই
পরাজয় স্বীকার করতে নারাজ। উঁচু মঙ্গলপর্বত থাকা ব্যক্তিরা সাধারণত একগুঁয়ে স্বভাবের হন।
এক বার কোনও বিষয়ে মনস্থির করলে তা সম্পন্ন না করা পর্যন্ত বিশ্রাম নেন না। নিজেদের
অধিকারের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হন।
- হস্তরেখাবিদ্যা অনুযায়ী, তালুতে মঙ্গলপর্বত যদি একটি সুগঠিত টিলার মতো
আকার ধারণ করে তবে তা শুভ বলে মনে করা হয়। এই ধরনের ব্যক্তিরা তাঁদের কর্মজীবনে
উচ্চ পদ লাভ করতে পারেন। জীবনের সংগ্রাম ও প্রতিকূলতাকে ভয় পান না। বরং, তাঁরা সব বাধা অতিক্রম করে নিজেদের লক্ষ্যে অবিচল থাকেন এবং সাফল্য অর্জন
করেন।