ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
মানুষের হাত-পা থেকে শুরু করে দেহের প্রতিটি অংশের সঙ্গে সম্পর্ক রয়েছে গ্রহদের। শাস্ত্র তেমনটাই জানায়। এরই সঙ্গে ভিন্ন দৈহিক গঠনের মানুষদের ব্যক্তিত্বও হয় ভিন্ন। ঠিক যেমন রাশি বা জন্মসংখ্যা বিশেষে ব্যক্তিত্বের নানা পার্থক্য দেখা যায়। তেমনই শারীরিক বিভিন্ন অংশের গঠনের ভিত্তিতেও পরিবর্তিত হয় ব্যক্তিত্ব।
বহু মানুষেরই চুল জন্মগত ভাবে কোঁকড়া হয়। অনেকে তা পছন্দ করেন, বহু মানুষের কাছে আবার সোজা বা ঢেউখেলানো চুলই বেশি প্রিয়। সেই কারণে দিন দিন চুল স্ট্রেট করানোর হিড়িক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু চুল স্ট্রেট করানোর অর্থ আমরা স্বাভাবিক ভাবে যে জিনিসটি নিয়ে জন্মেছি, সেটির বিরুদ্ধে গিয়ে অন্য কিছু ধারণ করা। যার ফলাফল ভাল হবে না খারাপ, তা শাস্ত্রই বলতে পারে। আমাদের ব্যক্তিত্বের উপরও কি সেটির কোনও প্রভাব পড়ে, শাস্ত্র কী বলছে জেনে নেওয়া যাক।
কোঁকড়ানো চুলের গুরুত্ব কী?
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোঁকড়ানো চুলের মেয়েরা অত্যন্ত লক্ষ্মীমন্ত হন। সৌন্দর্য, বিলাসিতা, ধনসম্পদ প্রভৃতির সঙ্গে সম্পর্ক রয়েছে শুক্রের। সেই মতে কোঁকড়ানো চুলের সঙ্গে সম্পর্ক রয়েছে শুক্রের। কারণ, শাস্ত্রমতে কোঁকড়ানো চুলকে সৌন্দর্যের প্রতীক মনে করা হয়। স্বাভাবিক ভাবেই যাঁদের চুল কোঁকড়ানো হয়, তাঁদের ব্যক্তিত্ব হয় অত্যন্ত আকর্ষণীয়। এঁদের কথা বলার ক্ষমতা হয় অভাবনীয়। কথার জাদুতে এঁরা সকলকে মোহিত করতে পারেন। এ সকল জাতক-জাতিকা জীবনে প্রচুর অর্থ আয়ের সুযোগ পান। এঁরা রোম্যান্টিক এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন।
কোঁকড়ানো চুল স্ট্রেট করা কি অশুভ?
শাস্ত্রমতে, কোঁকড়ানো চুল মা লক্ষ্মীর আশীর্বাদ। সেটিকে অতিরিক্ত তাপ বা রাসায়নিক প্রয়োগে জীবনে শুক্রের ইতিবাচক প্রভাব কমে যেতে পারে বলে মনে করা হয়, যা জীবনে অশান্তির কারণ হয়ে উঠতে পারে। শুক্রের প্রভাব হ্রাস পাওয়ায় অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তবে সবটাই প্রচলিত বিশ্বাস এবং শাস্ত্রের ভিত্তিতে মনে করা হয়।