—প্রতীকী ছবি।
সংখ্যাতত্ত্বের সাহায্যে কোনও মানুষের জন্মতারিখের বিচার করে সেই মানুষের জন্মসংখ্যা নির্ণয় করা যায়। সেই জন্মসংখ্যার ভিত্তিতে বলা যায় তাঁর চরিত্রের নানা দিক। এক জন মানুষের রাশি যেমন তাঁর ব্যাপারে নানা তথ্যের হদিস দেয়, তেমনই জন্মসংখ্যাও উক্ত মানুষটির সম্বন্ধে নানা বিষয় আমাদের জানায়। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, নির্দিষ্ট তিন জন্মসংখ্যার ব্যক্তিরা হন আত্মবিশ্বাসে ভরপুর। এঁদের নিজের উপর থাকা বিশ্বাসের ভিত শত চেষ্টা করেও নাড়ানো যায় না। তবে এঁদের একটি খারাপ গুণও রয়েছে। সেটি হল অপরের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা। এই সকল জাতক-জাতিকার মধ্যে অপরকে নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখতে পাওয়া যায়। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
কোন জন্মসংখ্যার ব্যক্তিরা আত্মবিশ্বাসে ভরপুর হন এবং অপরকে নিয়ন্ত্রণ করতে চান?
১: ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নেতৃত্বদানের ক্ষমতা সঙ্গে নিয়ে জন্মান। পর্যালোচনা ও পরিচালনা করার মতো কাজ এঁদের দ্বারা খুব ভাল হয়। যে কোনও পরিস্থিতির রাশ এঁরা নিজেদের হাতে রাখতে ভালবাসেন। তবে কর্মক্ষেত্রের বাইরেও এঁরা লোকেদের নিয়ন্ত্রণ করার প্রবণতা দেখিয়ে ফেলেন। আত্মবিশ্বাসের উপর ভর করে ১ জন্মসংখ্যার ব্যক্তিরা সকলকে পরিচালনা করতে চান।
৪: যে সকল জাতক-জাতিকার জন্মসংখ্যা ৪, তাঁরা অত্যন্ত দায়িত্বশীল ও বাস্তববাদী হন। যে কোনও কাজ এঁরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে করে থাকেন। এঁরা জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পছন্দ করেন। এমন কিছু করেন না, যার জন্য এঁদের কোনও সমস্যার মুখে পড়তে হয়। তবে ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়।
৮: ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর হন। এঁরা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখেন। অন্য ব্যক্তিকে তাঁদের জীবন চালনা করতে দেন না। সঙ্গীকেও হাতের পুতুল বানিয়ে রাখতে পছন্দ করেন ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। তবে তাঁদের যে মতামত প্রকাশের সুযোগ দেন না তা নয়। কিন্তু চেষ্টা করেন আশপাশের মানুষ তথা সঙ্গী যেন সর্বদা তাঁদের কথামতো চলেন।