ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ষষ্ঠেন্দ্রিয় আমাদের অনেক কিছুই বলে। কিন্তু সেই কথার তোয়াক্কা সকলে করেন না। বেশির ভাগ মানুষই বিচারবুদ্ধি দিয়ে বিবেচনা করার পথ বেছে নেন। কেউ মনের কথা শোনেন, কেউ মাথার। তবে ষষ্ঠেন্দ্রিয় এ ক্ষেত্রে ব্রাত্যই থেকে যায়। একদমই যে শোনা হয় না তা নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই তাকে পাত্তা দেওয়া হয় না। কিন্তু রাশিচক্রের তিন রাশির ব্যক্তিরা মন বা মাথার চেয়ে ষষ্ঠেন্দ্রিয়কেই বেশি পাত্তা দেন। এঁরা ‘গাট ফিলিংস’কে বাদের খাতায় রাখেন না, বরং সেটিকে গুরুত্ব দেন।
কোন তিন রাশির ব্যক্তিরা ষষ্ঠেন্দ্রিয়র কথা শোনেন?
কর্কট: কার মনে কী চলছে সেটা কর্কট জাতক-জাতিকারা সহজেই ধরে ফেলেন। সাহায্য করে ষষ্ঠেন্দ্রিয়। এঁদের অন্তরাত্মার কথা এতটাই জোরালো হয় যে সে দিক থেকে মাথা ঘোরানোর সাধ্যি কর্কট জাতক-জাতিকাদের থাকে না। এঁরা যদি কখনও সেই আওয়াজকে দমিয়ে রাখার চেষ্টাও করেন, তা-ও সফল হন না। কর্কট রাশির ব্যক্তিরা নিজেরাই মাঝেমধ্যে নিজের ভিতরে অনবরত চলতে থাকা চিন্তাভাবনায় তিতিবিরক্ত হয়ে যান।
বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা চোখকান বুজে নিজের ষষ্ঠেন্দ্রিয়ের কথা বিশ্বাস করেন। এঁরা যে কোনও সিদ্ধান্ত সেটির উপর ভর করেই নেন। তবে অপরকে তা বুঝতে দেন না। বৃশ্চিক জাতক-জাতিকাদের মধ্যে মানুষ পড়ার অলৌকিক ক্ষমতা রয়েছে। এঁদের ঠকানো সহজ বিষয় নয়। কোনও মানুষ যদি এঁদের ক্ষতি করার কথা ভেবেও থাকেন, ষষ্ঠেন্দ্রিয় এঁদের আগে থাকতে সেই মানুষের ব্যাপারে সজাগ করে দেয়।
মীন: মীন রাশির জাতক-জাতিকারা স্বভাবতই বাস্তববিমুখ হন। বাস্তবের প্রতি এঁদের বিশেষ টান থাকে না। মনের কথা এঁরা যা-ও বা শোনেন, মাথার কথা শুনতে মোটেই পছন্দ করেন না। তবে এই রাশির ষষ্ঠেন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। এঁরা কিছু না বোঝার ভান করলেও আদতে সবই বুঝতে পারেন। কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন। ষষ্ঠেন্দ্রিয় এঁদের যে ভাবে চালায়, মীন রাশির ব্যক্তিরা সে ভাবেই চলেন।