ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
বাস্তুশাস্ত্রে বাড়ি সাজানোর নানা নিয়মের কথা বলা রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল বাড়ির সদর দরজা কী ভাবে সাজানো হচ্ছে। শাস্ত্রমতে, সদর দরজায় মা লক্ষ্মীর বাস থাকে। সেই কারণে সদর দরজা কী ভাবে সাজানো হচ্ছে, সেটির আশপাশে কী রাখছেন, না রাখছেন তা ভীষণ গুরুত্বপূর্ণ। সদর দরজা সাজানোর ক্ষেত্রে কোনও ভুল হলে বাড়ি থেকে মা লক্ষ্মী বিদায় নেন। বাস্তুশাস্ত্র মতে, বিশেষ কিছু জিনিস রয়েছে যা সদর দরজার কাছে রাখতে নেই। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এই জিনিসগুলি সদর দরজার কাছে রাখা মানে দারিদ্রকে ঘরের ভিতর আমন্ত্রণ জানানো বোঝায়।
সদর দরজার কাছে কোন জিনিসগুলি রাখা যাবে না?
জুতো: বেশির ভাগ বাড়িতেই সদর দরজার কাছে জুতো রাখার তাক করা হয়। সেটি না থাকলেও অনেকেই সদর দরজার সামনে জুতো খুলে রেখে দেন। তবে বাস্তুশাস্ত্র জানাচ্ছে এই কাজ করা মোটেও উচিত নয়। এতে বাস্তুর ক্ষতি হয়। রুষ্ট হন মা লক্ষ্মী। এর ফলে সংসারে অভাব বৃদ্ধি পায়। প্রচুর পরিশ্রম করার পরও মনোমতো অর্থ উপার্জন করা যায় না।
ময়লা ফেলার জায়গা: সদর দরজার কাছে ময়লা ফেলার জায়গা রাখা যাবে না। আবর্জনা নেগেটিভ শক্তি বহন করে। সদর দরজার কাছে ময়লা ফেলার জায়গা রাখা মানে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাওয়া। এর ফলে সংসারে অশান্তির সৃষ্টি হয়। অর্থসঙ্কট পিছু ছাড়ে না।
ভাঙা জিনিস: ভাঙা জিনিস যে ঘরের ভিতর রাখা উচিত না তা অনেকেই জানেন। তবে সেগুলি বার করে সদর দরজার সামনেও সাজিয়ে রাখা যাবে না। এতে লাভ কিছুই হবে না, উল্টে আরও ক্ষতি হবে। জীবনে আর্থিক সচ্ছলতা আনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
কাঁটাযুক্ত গাছ: সদর দরজার কাছে কখনও কাঁটাযুক্ত গাছ যেমন ক্যাকটাস, ফণিমনসা প্রভৃতি রাখা উচিত না। এর ফলেও নানা দিক থেকে ক্ষতি হয়ে যায়। বিশেষ করে আর্থিক ক্ষতি হয় চোখে পড়ার মতো। বহু চেষ্টার পরও সেই ক্ষতি পূরণ করা যায় না।