ED Raid in Kerala

‘রাহুল গান্ধী খুব খুশি হবেন’, নিজের বাড়িতে ইডি অভিযানের নেপথ্যে কংগ্রেসের হাত দেখছেন বিজয়ন

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন বুধবার বলেন, ‘‘কংগ্রেসের অবস্থান হল, তাদের নিজেদের দল ছাড়া অন্যদের বিরুদ্ধে ইডির হস্তক্ষেপ চলা উচিত।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৮:৫৬
Share:

(বাঁদিকে) রাহুল গান্ধী এবং পিনারাই বিজয়ন (ডানদিকে)। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী নেতাদের নিশানা করছে। আর তাতে মদত দিচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস! বুধবার এই অভিযোগ করেছেন, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন।

Advertisement

‘কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’ (সিএমআরএল) সংক্রান্ত এক দুর্নীতি মামলার সূত্র ধরে বুধবার বিজয়নের তিরুঅনন্তপুরমের ভাড়াবাড়ি এবং কান্নুরের পারিবারিক ভিটেতে তল্লাশি অভিযান চালায় ইডির তদন্তকারী দল। ইডির অভিযানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরল বিধানসভার বিরোধী দলনেতা বিজয়ন জানান যে, কংগ্রেস বিরোধী দলগুলির বিরুদ্ধে ইডির পদক্ষেপকে সমর্থন করছে! তিনি বলেন, “অনেকদিন ধরেই ইডি আমার বাড়িতে তল্লাশি চালাতে চেয়েছিল। আমি মনে করি এই তল্লাশি কিছু মানুষের, বিশেষ করে রাহুল গান্ধীর মতো কারও, খুবই খুশির কারণ হবে!”

চলতি মাসেই কেরল বিধানসভার ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের কাছে পরাস্ত হয়েছে সিপিএম নেতৃত্বাধীন জোট এলডিএফ। টানা ১০ বছর মুখ্যমন্ত্রিত্বের পরে সরতে হয়েছে বিজয়নকে। মালয়ালি রাজনীতির প্রধান প্রতিদ্বন্দ্বী দলকে নিশানা করে বিজয়ন বুধবার বলেন, ‘‘কংগ্রেসের অবস্থান হল, তাদের নিজেদের দল ছাড়া অন্যদের বিরুদ্ধে ইডির হস্তক্ষেপ চলা উচিত।’’ এ বিষয়ে কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সহযোগিতা করছে দাবি করে প্রবীণ সিপিএম নেতার মন্তব্য, ‘‘রাহুল গান্ধী তো প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন কেন তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়নি এবং কেন তাঁকে গ্রেফতার করা হয়নি!’’

Advertisement

প্রসঙ্গত, সিএমআরএল দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বিজয়নের কন্যা বীণা থাইক্কান্দিইলের। বীণার স্বামী মহম্মদ রিয়াজ় সিপিএম নেতা তথা কেরলের পূর্বতম বামজোটের সরকারের পূর্তমন্ত্রী। শুধু বিজয়নের বাড়ি নয়, এই মামলায় কেরল জু়ড়ে আরও ন’জয়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। তিরুঅনন্তপুরমের বেকারি জংশন এলাকায় বিজয়নের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডির তদন্তকারীরা বুধবার মারমুখী সিপিএম কর্মীদের হামলার মুখে পড়েন বলেও অভিযোগ। বিক্ষোভকারীরা ইডি, কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান তোলেন। এমনকি, তাঁদের মধ্যে কয়েক জন নিরাপত্তারক্ষীদের দিকে প্লাস্টিকের বোতল, হেলমেট ও পাথর ছুড়েছেন, গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ। পরে সিপিএম নেতাদের হস্তক্ষেপে কর্মীদের শান্ত হন। হিংসাত্মক বিক্ষোভ থেমে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement