Odisha Draft Electoral Roll

২০ লক্ষ নাম বাদ গেল ওড়িশার খসড়া ভোটার তালিকা থেকে! এনুমারেশন পর্ব শেষে তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন

ওড়িশার প্রায় ১৪ হাজার ভোটার নিজেদের এনুমারেশন ফর্ম বিএলও-র কাছে জমা দেননি। তাঁদের সকলেরই নাম বাদ গিয়েছে খ়সড়া তালিকা থেকে। এ ছাড়া অনেক মৃত ভোটারেরও নাম বাদ পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৬:০৩
Share:

ভোটার তালিকা। — ফাইল চিত্র।

ওড়িশার খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল ২০ লক্ষেরও বেশি নাম। রবিবার ওড়িশার ভোটারদের খস়ড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে পড়শি রাজ্যে ৩ কোটি ৩৩ লক্ষ ভোটার ছিলেন। খসড়া তালিকায় তা কমে হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ।

Advertisement

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে গত ১৪ মে ওড়িশা-সহ ১৯ রাজ্যে এসআইআর ঘোষণা করে কমিশন। তার পরে ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত চলে ওড়িশার এনুমারেশন পর্ব। ওড়িশার মুখ্য নির্বাচনী আধিকারিক আরএস গোপালন জানান, এসআইআর শুরুর আগে সেখানে ৩ কোটি ৩৩ লক্ষ ভোটার ছিলেন। এখন তা কমে হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ কোটি ৬০ লক্ষ। মহিলা রয়েছেন ১ কোটি ৫৩ লক্ষ। এ ছাড়া খসড়া তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২,৭৭৫ জন।

মূলত মৃত, অন্যত্র চলে যাওয়া বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের বাদ দেওয়া হয়েছে খসড়া তালিকা থেকে। যে ২০ লক্ষের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে ৮ লক্ষ ৩২ হাজার জন মৃত। অনুপস্থিত বা পাকাপাকি ভাবে অন্যত্র চলে গিয়েছেন— এমন ১০ লক্ষ ৭ হাজার জনের নামও বাদ দেওয়া হয়েছে খসড়া তালিকা থেকে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এনুমারেশন পর্বে ১ লক্ষ ৫৮ হাজার নাম একাধিক জায়গায় পাওয়া গিয়েছে। সেগুলিও বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১৪ হাজার ভোটার নিজেদের এনুমারেশন ফর্ম বুথ স্তরের আধিকারিক (বিএলও)-এর কাছে জমা দেননি। সেই নামগুলিও বাদ পড়েছে ওড়িশার খসড়া ভোটার তালিকা থেকে।

Advertisement

রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, “খসড়া তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা বিএলও মারফত বা ‘ইসিআইনেট’ অ্যাপ অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের বক্তব্য জানাতে পারবেন।” আগামী ৪ অগস্ট পর্যন্ত এই সংক্রান্ত দাবিদাওয়া শোনা হবে। তার পরে আগামী ৬ সেপ্টেম্বর ওড়িশার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement