Prasant Kishor

অবশেষে ভোটের ময়দানে পিকে! বিজেপির শক্তঘাঁটিতে উপনির্বাচনে লড়তে চলেছেন প্রশান্ত কিশোর

বিহারের গত বিধানসভা নির্বাচনে জেএসপি লড়লেও প্রার্থী হননি প্রশান্ত। সেই ভোটে শূন্য হাতে ফিরতে হয় পিকে-র দলকে। এ বার প্রশান্তকে ভোটের ময়দানে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৬:৫০
Share:

প্রশান্ত কিশোর। — ফাইল চিত্র।

অবশেষে ভোটের ময়দানে প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর দল জনসুরাজ পার্টির (জেএসপি) টিকিটে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন তিনি। দলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তার পরেই প্রার্থী হিসেবে পিকে-র নাম ঘোষণা করেন জেএসপি-র রাজ্য সভাপতি মনোজ ভারতী।

Advertisement

বাঁকিপুর বিজেপির শক্তঘাঁটি। এই আসন থেকে জিতেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। যদিও বিজেপি পরে তাঁকে রাজ্যসভায় সাংসদ করে পাঠায়। ফলে ওই আসন শূন্য হয়ে যায়। আগামী ৩০ জুলাই ওই আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগণনা ১৩ অগস্ট। ওই আসনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই। বিজেপি এখনও এই আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি। তবে লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপের দল জনশক্তি জনতা দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সমাজকর্মী বীণা মানবিকে টিকিট দেওয়া হয়েছে।

বিহারের গত বিধানসভা নির্বাচনে জেএসপি লড়লেও প্রার্থী হননি প্রশান্ত। কিন্তু সেই ভোটে শূন্য হাতে ফিরতে হয় পিকে-র দলকে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত। ২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তথা বিজেপির অন্যতম পরামর্শদাতা ছিলেন তিনি। অরবিন্দ কেজরীবালের দল আম আদমি পার্টিকেও ভোটের বৈতরণী পার করতে সাহায্য করেছিল পিকে-র সংস্থা। ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮টি আসন জিতে ‘ধাক্কা’ দিয়েছিল তৃণমূলকে। তার পরেই পিকে-কে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিল তৃণমূল। ফলও পেয়েছিল। ২০২১ সালে তৃণমূলের জয়ের পর নিজের তৈরি সংস্থা আই-প্যাক ছাড়েন পিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement