Mumbai Weather

ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বই! বৃষ্টি কমলেও দুর্ভোগ চলছে, গাছ ভেঙে আবার মৃত্যু, সতর্কতা জারি করল হাওয়া অফিস

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৫:২৭
Share:

জলমগ্ন মুম্বই। ছবি: পিটিআই।

সারা রাত ধরে বৃষ্টিতে ভিজেছে মুম্বই। শুধু মুম্বই নয়, প্রায় গোটা মহারাষ্ট্র জুড়েই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে বৃষ্টি না-হলেও আকাশ মেঘলা। তবে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতাও। মুম্বইয়ে দুর্যোগে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Advertisement

ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। বৃষ্টির কারণে কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও গোড়ালিসমান। কোথাও আবার রেললাইন জলের তলায়। মুম্বই এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা জারি করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না-বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে। জল নামতে শুরু করায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। শনিবার ট্রেন পরিষেবা ব্যাহত ছিল। রবিবার মুম্বই এবং শহরতলিতে ট্রেন চলছে। তবে যাত্রীদের অভিযোগ, সময়মতো ট্রেন চলছে না।

Advertisement

জোয়ারের কারণে মুম্বইয়ের নিচু এলাকায় জলের পরিমাণ আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। সেই কারণে আগাম সতর্কতা জারি করে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে। তবে মুম্বইয়ে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গর্ত। অভিযোগ, রাস্তা জুড়ে গর্ত। জলের কারণে সেই গর্তগুলি চোখে পড়ছে না। ফলে বিপদের আশঙ্কা থাকছে।

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়েছে মুম্বইয়ের উপর দিয়ে। ফলে অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কুরলা এলাকায় গাছ ভেঙে পড়ে ইউনুস হাকিমুদ্দিন শেখের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ওই এলাকায় সম্প্রতি একটি দোকান কিনেছিলেন ইউনুস। এখনও দোকানটি উদ্বোধন হয়নি। রবিবার সকালে দোকানের কাজ তদারক করতে গিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর গায়ের উপর একটি বড় গাছ ভেঙে পড়ে।

বাসিন্দাদের অভিযোগ, গাছ ভেঙে পড়ার পর পরই পুরসভাকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু দু’ঘণ্টা কেটে গেলেও পুরসভার কোনও লোক আসেননি। ফলে অনেকক্ষণ গাছের তলায় আটকে থাকতে হয় ইউনুসকে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। দিন কয়েক আগে স্কুলবাসের উপর গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সি এক ছাত্রের মৃত্যু ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement