Bihar Teachers Arrested

শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে আকণ্ঠ পান, ‘শুখা’ বিহারে পাঁচ শিক্ষক গ্রেফতার, যেতে পারে চাকরিও

শুক্রবার নেপাল ঘুরে শিক্ষক-পড়ুয়াদের গাড়িটি ফিরছিল। ভীমনগর চেকপোস্টে পরীক্ষার সময় পাঁচ শিক্ষককে মত্ত অবস্থায় পায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৮:৪৫
Share:

ধৃত পাঁচ শিক্ষক। ছবি: সংগৃহীত।

‘শুখা’ বিহারে শিক্ষকতা করেন। কিন্তু পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে পাঁচ শিক্ষকই আকণ্ঠ পান করে ধরা পড়লেন বিহারে ঢোকার মুখে। এই নিয়ে শোরগোল সুপৌল জেলায়। পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে। এমনকি, তাঁদের চাকরিও যেতে পারে বলে খবর।

Advertisement

বিহার পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ‘বিহার দর্শন’ প্রকল্পের সরকারি স্কুলগুলো থেকে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হচ্ছে। সুপৌল জেলার একটি সরকারি স্কুল কর্তৃপক্ষও শিক্ষার্থীদের নিয়ে নেপাল ভ্রমণে গিয়েছিলেন। পড়ুয়াদের সঙ্গে ছিলেন স্কুলের পাঁচ শিক্ষক।

শুক্রবার নেপাল ঘুরে শিক্ষক-পড়ুয়াদের গাড়িটি ফিরছিল। ভীমনগর চেকপোস্টে পরীক্ষার সময় পাঁচ শিক্ষককে মত্ত অবস্থায় পায় পুলিশ। বিহারের এক পদস্থ পুলিশকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘বাইর থেকে যে কোনও গাড়ি ঢুকলে রুটিন তল্লাশি করা হয়। ভীমনগর চেকপোস্টেও তা-ই হয়েছিল। একটি গাড়ি নেপাল থেকে ফিরছিল। ‘ব্রিথ অ্যানালাইজ়ার মেশিন’-এ পরীক্ষার পর দেখা যায়, পাঁচ জনই মদ্যপান করেছেন। পরে আমরা জানতে পেরেছি, তাঁরা সরকারি স্কুলের শিক্ষক।’’

Advertisement

প্রায় ১০ বছর হল বিহারে মদ্যপান, কেনা, বিক্রি এবং বহন আইনত নিষিদ্ধ। এই কারণে পাঁচ শিক্ষককেই গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শিবাংশ কুমার, দীপনারায়ণ রাম, ইংলিশ কুমার, ধীরেন্দ্র কুমার এবং মিঠু কুমার। আদালতের নির্দেশে তাঁরা এখন বিচার বিভাগীয় হেফাজতে। তবে এখানেই শেষ নয়। সে রাজ্যের শিক্ষা দফতরের তরফেও ওই পাঁচ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। শিক্ষকদের এ হেন কাণ্ড শুনে ক্ষিপ্ত অভিভাবকেরা। তাঁরা বলছেন, শিক্ষকদের উপর ভরসা করে বাচ্চাদের বাইরে পাঠিয়েছিলেন। শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে তাঁরা যদি পড়ুয়াদের এই শিক্ষা দেন, তা হলে আর কাকে বিশ্বাস করবেন? এক অভিভাবকের কথায়, ‘‘ওঁরা যা করলেন, সেটা লজ্জাজনক তো বটেই, চিন্তারও।’’

সুপৌলের জেলাশাসক শাওন কুমার জানান, পাঁচ শিক্ষককেই সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement