রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
রাহুল গান্ধীকে সর্বসমক্ষে অপদস্থ করাই মূল লক্ষ্য। তাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা ‘সাবস্টেনটিভ মোশন’ বা মৌলিক প্রস্তাব সরাসরি লোকসভায় এনে আলোচনা করার কথা ভাবছে শাসক বিজেপি। তবে শেষ পর্যন্ত সরাসরি লোকসভায় আলোচনা হবে, না কি বিষয়টি কমিটির কাছে যাবে, তা নির্ভর করছে লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে। তাৎপর্যপূর্ণ ভাবে, ওম বিড়লার অপসারণের জন্য লোকসভার সচিবালয়ে প্রস্তাব জমা দিয়েছে রাহুল গান্ধীর দল।
গত কাল রাহুলের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে সাবস্টেনটিভ মোশন বা মৌলিক প্রস্তাব আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, রাহুল নানাবিধ ভিত্তিহীন অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে। তাই যাতে আগামী দিনে রাহুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, প্রস্তাবে সেই নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছেন নিশিকান্ত। প্রশ্ন ছিল, নিশিকান্তের পরে কি আলাদা করে রাহুলের বিরুদ্ধে কোনও অধিকার ভঙ্গের প্রস্তাব আনবে সরকার? আজ সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, ইতিমধ্যেই এক সাংসদ রাহুলের বিরুদ্ধে সংসদে মৌলিক প্রস্তাব জমা দেওয়ায় সরকার আলাদা করে রাহুলের বিরুদ্ধে কোনও প্রস্তাব আনার কথা ভাবছে না।
বর্তমানে ওই প্রস্তাব জমা রয়েছে স্পিকারের কাছে। ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, সেই ব্যাখ্যায় কিরেণ জানান, ‘‘ওই মৌলিক প্রস্তাব লোকসভার অধিকার কমিটি বা এথিক্স কমিটির কাছে পাঠানো যেতে পারে। কিংবা সরাসরি লোকসভায় ওই প্রস্তাব আলোচনার জন্য আনা যায়। শেষ পর্যন্ত কী করা হবে, তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মৌলিক প্রস্তাব নিয়ে কী করা হবে, তা নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’ বিজেপি সূত্রের মতে, দল লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনা করার পক্ষপাতী। সে ক্ষেত্রে রাহুলকে সরাসরি আক্রমণ শানানো যাবে। যার সাক্ষী থাকবে গোটা দেশ। যা অধিকার বা এথিক্স কমিটির বৈঠকে হওয়া সম্ভব নয়। কারণ সেই বৈঠক হবে রুদ্ধদ্বার কক্ষে। ফলে রাহুলকে জনসমক্ষে অপদস্থ করার যে পরিকল্পনা শাসক শিবিরের রয়েছে, তা খাটবে না। সেই কারণেই মৌলিক প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনার মাধ্যমে রাহুলকে আক্রমণ শানানোর পক্ষপাতী বিজেপি শিবির। অন্য দিকে কংগ্রেসের বক্তব্য, কংগ্রেস-সহ বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনায় রাহুলের বিরুদ্ধে মৌলিক প্রস্তাব এনে পাল্টা চাপের কৌশল নিয়েছে বিজেপি।
কংগ্রেসের মহিলা সাংসদেরা লোকসভায় প্রধানমন্ত্রীকে নিগ্রহ করতে পারেন বলে অভিযোগ তুলেছিলেন স্পিকার। ওই অভিযোগের জবাবে আজ দিল্লি প্রদেশ মহিলা কংগ্রেসের সদস্যরা ওম বিড়লাকে গোলাপ ফুল দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। যদিও সেই মিছিল মাঝ পথেই আটকে দেয় দিল্লি পুলিশ। কংগ্রেস নেত্রী শিল্পী আরোরা বলেন, ‘‘মহিলাদের থেকে ভয় পাওয়ার কারণ নেই সেই বার্তা দিতেই স্পিকারকে গোলাপ ফুল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে