Badrinath Dham

বদ্রীনাথে প্রণামী তছরুপের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের কমিটি গঠন! সাত দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

রামমন্দিরে প্রণামী চুরির অভিযোগ ঘিরে তোলপাড় হচ্ছে গোটা দেশ। এরই মধ্যে বদ্রীনাথ ধামেও প্রণামী তছরুপের অভিযোগ উঠে এসেছে। তা খতিয়ে দেখতে এ বার কমিটি গড়ল বিকেটিসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২১:৩৯
Share:

বদ্রীনাথ ধাম। — ফাইল চিত্র।

বদ্রীনাথে প্রণামী তছরুপের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করলেন কর্তৃপক্ষ। চার সদস্যের ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রামমন্দিরের ‘প্রণামী চুরি’ বিতর্কের মাঝেই গত শুক্রবার বদ্রীনাথ ধামেও প্রণামী তছরুপের অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন মন্দির পরিচালন কর্তৃপক্ষ ‘বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটি’ (বিকেটিসি)।

Advertisement

অভিযোগ খতিয়ে দেখতে যে অনুসন্ধান কমিটি গঠিত হবে, তা শনিবারই জানিয়েছিল বিকেটিসি। সেইমতো রবিবার চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করল তারা। বিকেটিসি-র চিফ এগজ়িকিউটিভ অফিসার (সিইও) সোহন সিংহ রঙ্গদ জানান, নিরপেক্ষ ভাবে সব অভিযোগ খতিয়ে দেখার জন্য এই কমিটি গঠন করেছেন বিকেটিসির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী। সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ানও সংগ্রহ করবেন কমিটির আধিকারিকেরা।

তবে চার সদস্যের এই কমিটিতে কারা রয়েছেন, তা প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে যে অভিযোগগুলি উঠে এসেছে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছে বিকেটিসি। শুক্রবার ভৈরব সেনা নামে একটি সংগঠন অভিযোগ তোলে, অযোধ্যার রামমন্দিরের মতো বদ্রীনাথেও ভক্তদের দেওয়া প্রণামী তছরুপ করা হয়েছে। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন মন্দির কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব। যদিও দ্বিবেদীর বক্তব্য, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তাঁর ব্যক্তিগত সচিব নন, বিকেটিসি-তে নিযুক্ত এক সরকারি কর্মী। ওই অভিযুক্ত মন্দির কমিটির তিন প্রাক্তন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেছিলেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কড়া পদক্ষেপেরও আশ্বাস দেন তিনি।

Advertisement

বিকেটিসি-র সিইও সোহন শনিবারই জানান, সমাজমাধ্যমে যে অভিযোগগুলি করা হচ্ছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে। মন্দির চত্বরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়েছে বলে জানান তিনি। তবে ওই ফুটেজটি পুরোপুরি স্পষ্ট ছিল না বলেই দাবি বিকেটিসি সিইও-র। এ অবস্থায় অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করলেন বিকেটিসি কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement