FIFA World Cup 2026

৮৭ দেশকে হারিয়েছে ব্রাজ়িল, হারাতে পারেনি শুধু নরওয়েকে! সেই হালান্ডদের বিরুদ্ধেই ২৪ বছরের খরা কাটাতে মরিয়া নেমারেরা

বিশ্বকাপে নকআউট পর্বের খেলা চলছে। শেষ ষোলোয় ব্রাজ়িলের সামনে নরওয়ে। সেই ম্যাচে নামার আগে পরিসংখ্যান কিন্তু ব্রাজ়িলের পক্ষে নেই। ফলে নেমারদের সামনে কঠিন লড়াই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২২:৩০
Share:

অনুশীলনে ব্যস্ত নেমার। ছবি: রয়টার্স।

খরা কি কাটাতে পারবে ব্রাজ়িল? নজির কি গড়তে পারবেন নেমারেরা? বিশ্বকাপে নকআউট পর্বের খেলা চলছে। শেষ ষোলোয় ব্রাজ়িলের সামনে নরওয়ে। সেই ম্যাচে নামার আগে পরিসংখ্যান কিন্তু ব্রাজ়িলের পক্ষে নেই। ফলে নেমারদের সামনে কঠিন লড়াই।

Advertisement

বিশ্বফুটবলে এখনও পর্যন্ত ৮৮টি দেশের বিরুদ্ধে খেলেছে ব্রাজ়িল। তার মধ্যে ৮৭টি দেশকে কোনও না কোনও ম্যাচে হারিয়েছে তারা। একটি দেশকেই কোনও দিন হারাতে পারেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের নাম নরওয়ে।

নরওয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে ব্রাজ়িল। তিনটি ম্যাচ ড্র হয়েছে। দু’টি ম্যাচ ব্রাজ়িল হেরেছে। শেষ বার বিশ্বকাপে দু’দলের দেখা হয়েছিল ২৮ বছর আগে। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজ়িলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজ়িল।

Advertisement

শেষ বার দু’দলের দেখা হয়েছিল ২০০৬ সালে। সেই প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ২০ বছর পর আবার মুখোমুখি দু’দল। সেখানে নেমারদের সামনে কঠিন লড়াই। তাঁদের পরিসংখ্যান বদলাতে হবে। দেখিয়ে দিতে হবে, নরওয়েকেও হারাতে পারেন তাঁরা।

আরও একটি পরিসংখ্যান ব্রাজ়িলের বিপক্ষে রয়েছে। ২০০২ সালে শেষ বার চ্যাম্পিয়ন হওয়ার পর ছ’টি বিশ্বকাপ খেলেছে ব্রাজ়িল। ছ’বারই কোনও ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এ বারও সামনে ইউরোপের দেশ নরওয়ে। ২৪ বছরের পুরনো সেই খরাও কাটাতে হবে ব্রাজ়িলকে।

পরিসংখ্যান বিপক্ষে থাকলেও নরওয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ব্রাজ়িলের কোচ কার্লো আনচেলোত্তি। সমর্থকদের সুখবর দিয়েছেন তিনি। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচেই নেমেছেন নেমার। পরিবর্ত হিসাবে নেমে ১৫ মিনিট খেলেছেন তিনি। তবে নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে দেখা যেতে পারে ব্রাজ়িলের সর্বাধিক গোলদাতাকে। ম্যাচের আগে আনচেলোত্তি বলেছেন, “নেমার পুরো ৯০ মিনিট খেলার জন্য তৈরি। ওকে ধরেই পরিকল্পনা তৈরি করেছি।”

ব্রাজ়িলের সবচেয়ে বড় বাধার নাম আর্লিং হালান্ড। চলতি বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলে পাঁচটি গোল করে ফেলেছেন তিনি। সোনার বুটের দৌড়ে লিয়োনেল মেসি ও কিলিয়ান এমবাপের পিছনেই রয়েছেন তিনি। হালান্ড যে কোনও পরিস্থিতি থেকে গোল করতে পারেন। দেশের হয়ে ৫৩ ম্যাচে ৬০ গোল করেছেন তিনি। অর্থাৎ, ম্যাচের থেকে তাঁর গোলের সংখ্যা বেশি। ফলে ব্রাজ়িলকে জিততে হলে হালান্ডকে তাদের আটকাতে হবে। নইলে আরও একটি বিশ্বকাপ থেকে ব্যর্থ হয়ে ফিরতে হতে পারে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement