টুকরো খবর

পুলিশের গুলিতে দশম শ্রেণির ছাত্র সুহেল আহমেদের মৃত্যুর পরে রবিবার থমথমে গোটা কাশ্মীর। ফের কোনও রকম হিংসা রুখতে ইতিমধ্যেই হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুক-সহ বেশ কয়েক জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দি করেছে পুলিশ। গৃহবন্দি অবস্থাতেই গিলানি সব বিচ্ছিন্নতাবাদী নেতাকে এ দিন দুপুর দু’টো নাগাদ লাল চকের প্রতাপ পার্কে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৫ ০৩:৩৩
Share:

শ্রীনগর মোড়া নিরাপত্তার চাদরে
সংবাদ সংস্থা • শ্রীনগর

Advertisement

পুলিশের গুলিতে দশম শ্রেণির ছাত্র সুহেল আহমেদের মৃত্যুর পরে রবিবার থমথমে গোটা কাশ্মীর। ফের কোনও রকম হিংসা রুখতে ইতিমধ্যেই হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুক-সহ বেশ কয়েক জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দি করেছে পুলিশ। গৃহবন্দি অবস্থাতেই গিলানি সব বিচ্ছিন্নতাবাদী নেতাকে এ দিন দুপুর দু’টো নাগাদ লাল চকের প্রতাপ পার্কে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই জমায়েত আটকাতে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়ির সামনে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়। এ দিন লালচকের বেশির ভাগ দোকানই ছিল বন্ধ। রাস্তাঘাটও ছিল সুনসান। পুলিশ জানিয়েছে, শ্রীনগরের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। নিরাপত্তা বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ত্রাল এলাকায় সেনার গুলিতে দুই যুবকের মৃত্যুর প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন গিলানি। সেই মিছিল নিষিদ্ধ করে দেয় প্রশাসন। শনিবার নিষেধাজ্ঞা ভেঙে ত্রালের দিকে মিছিল করে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংর্ঘষ বেধে যায় হুরিয়ত কর্মী-সমর্থকদের। বদগাম জেলার নরবলে পুলিশের গুলিতে নিহত হয় সুহেল। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ দিন নরবলে বিরাট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ দিন নিরস্ত্র মিছিলকারীদের উপরে পুলিশের গুলিচালনার নিন্দা করেছে পাকিস্তানও।

Advertisement

ফের বৈঠকে বসতে চায় পাকিস্তান
সংবাদ সংস্থা • লাহৌর

বিদেশসচিব পর্যায়ের বৈঠক ফের শুরু করার জন্য ভারতের কাছে আহ্বান জানাল পাকিস্তান। রবিবার লাহৌরে একটি অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক কাজকর্মের উপদেষ্টা সরতাজ আজিজ বলেন, ‘‘পাকিস্তান শান্তিতে বিশ্বাস করে ও সব বকেয়া বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায়। আর শান্তি থাকলেই উপমহাদেশ থেকে দারিদ্র, অশিক্ষা, অবিচারের মতো বিষয়গুলি দূর করতে পারব।’’ তিনি আরও জানান, ৩ মার্চ ভারতের বিদেশসচিব ইসলামাবাদে এসেছিলেন। এটি অবশ্যই একটি সদর্থক চিন্তাভাবনা। কিন্ত দু’দেশের বিদেশসচিব পর্যায়ের আসল আলোচনা এখনও শুরু হয়নি। গত বছর নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরিফের মধ্যে বৈঠকে দুই রাষ্ট্রনায়ক বিদেশসচিব পর্যায়ের বৈঠক ফের চালু করার ব্যাপারে সম্মত হন। সেই কথাও তুলে ধরেন আজিজ। ভারতের তরফ থেকে এই বিষয়ে ‘অনর্থক দেরি’ করার জন্য বিস্ময় প্রকাশ করেন তিনি।

ব্যাটারি চুরি, বন্ধ মোবাইল
নিজস্ব সংবাদদাতা • করিমগঞ্জ

চরগোলায় মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরি করল দুষ্কৃতীরা। তার জেরে চরগোলা-কালীগঞ্জ এলাকায় মোবাইল পরিষেবা গত রাত থেকে স্তব্ধ হয়ে গিয়েছে। ওই ঘটনায় করিমগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। করিমগঞ্জ শহর এবং শহরতলিতে অন্ধকার নামলেই শুরু হয় দুষ্কৃতীদের তাণ্ডব। এমনকী বিদ্যুৎবাহী ট্রান্সফর্মার থেকে তেলও চুরি করা হয়। ট্রান্সফর্মারে যাতে শর্ট-সার্কিট না হয়, সে জন্য বিশেষ ধরনের তেল ব্যবহার করা হয়। ওই ধরনের তেলের প্রতি লিটারের দাম ১৫০-১৭৫ টাকা টাকা। খোলা বাজারে ওই তেল পাওয়া যায় না। পর্যাপ্ত জোগান না থাকায় ওই তেলের চাহিদা প্রচুর। দামও মেলে ভালই। বিদ্যুৎ সংযোগ থাকাকালীনই ট্রান্সফর্মার থেকে তেল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী-দল। করিমগঞ্জ শহরের বিপিনপাল রোড, লক্ষ্মীচরণ রোড, শিলচর রোডের ট্রান্সফর্মারগুলি থেকে কয়েক বার তেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গত রাতে মোবাইল টাওয়ার চালু থাকা অবস্থাতেই দু’টি ব্যাটারি খুলে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করা হয়েছে। গত সন্ধেয় কয়েক পশলা বৃষ্টিতে করিমগঞ্জ জেলা অন্ধকার হয়ে যায়। তার সুযোগ নিয়েই সক্রিয় হয় দুষ্কৃতীরা।

বরাকে উধাও অভিযুক্তরা
নিজস্ব সংবাদদাতা • হাইলাকান্দি

জেলা প্রশাসনের তরফে মামলা দায়ের হওয়ার পর হাইলাকান্দিতে ইন্দিরা আবাস প্রকল্পে কেলেঙ্কারির তদন্তে নেমেছে পুলিশ। গত কাল দুই অফিসার সহ ১০ সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি কনকচন্দ্র নাথ বলেন, অভিযুক্তরা সম্ভবত সবাই গা ঢাকা দিয়েছেন। কাউকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। সকলের ফোনই ‘স্যুইচড অব’। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় বলেন, ‘‘আঁটঘাট বেঁধেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’’ কয়েক বছর থেকে ইন্দিরা আবাস প্রাপকরা শুধু প্রথম কিস্তির টাকা পাচ্ছিলেন। বাকি টাকার জন্য ঘুরতে ঘুরতে এক সময় আশা ছেড়ে দিতেন। কয়েক দিন আগে বিষয়টি সামনে আসে। জেলাশাসক তদন্তের নির্দেশ দিলে ধরা পড়ে, কারও কোনও টাকা বকেয়া নেই। সব টাকাই তুলে নেওয়া হয়েছে। ৭০ লক্ষ টাকার কেলেঙ্কারি হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সার্কল অফিসার ধ্রুবজ্যোতি দেব, বিডিও স্বপ্না লোধ, অ্যাকাউন্টেন্ট জালালউদ্দিন লস্কর। হাইলাকান্দির বর্তমান সার্কল অফিসার সরফরাজ হক বলেন, ‘‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাশবুকে বড় গরমিল রয়েছে। সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছি।’’

মেয়েকে খুন, ধৃত মহিলা
নিজস্ব সংবাদদাতা • শিলচর

তিন মাসের শিশুকন্যাকে জলে ডুবিয়ে মারলেন মা। বাড়ির লোকেরা তাকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, কল্যাণী দাস নামে বছর বাইশের ওই মহিলা তার মেয়ে তুর্মিতাকে শৌচাগারের চৌবাচ্চার জলে ডুবিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। আজ ভোরে মৃত শিশুটিকে নিয়ে বাড়ির পিছনে জঙ্গলের দিকে যাওয়ার সময় স্বামী লক্ষ্মণ দাস তাকে ধরে ফেলেন। জেরায় কল্যাণী এ কথা স্বীকার করেছেন। কেন তিনি নিজের সন্তানকে মেরে ফেললেন, তার জবাব দেননি কল্যাণী। শিলচর ভজন্তিপুরের সুধীররঞ্জন দাস পুত্রবধূ কল্যাণীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। তিন মাসের কন্যার মৃতদেহ দেখে লক্ষ্মণবাবু অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কল্যাণী মানসিক রোগী। স্বামী-স্ত্রীতেও বনিবনাও ছিল না। তাদের ৫ বছরের আরেকটি মেয়ে রয়েছে। দুই মেয়ের জন্ম নিয়ে কোনও সমস্যা কি না, পুলিশ তাও খতিয়ে দেখছে।

আমিষ ভুলেছে করিমগঞ্জ
নিজস্ব সংবাদদাতা • করিমগঞ্জ

নিছক একটি রোগ ঘিরে বিজ্ঞান-অন্ধবিশ্বাস-ধর্ম সব কিছু যেন একাকার করিমগঞ্জে। ভাইরাস-ঘটিত সেই রোগ চিকেনপক্স। করিমগঞ্জ শহর, শহরতলি সব জায়গায় ঘরে ঘরে ছড়িয়েছে সেই ভাইরাসের সংক্রমণ। প্রশাসনিক সূত্রে খবর, সহস্রাধিক লোক তাতে আক্রান্ত। আর এখানেই মিশেছে বিশ্বাস। পুরনো দিনে এক সময়ে এই রোগের কোনও প্রতিষেধক ছিল না। তখন এই রোগের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে দেবী শীতলার আরাধনা করা হতো। শীতলাকে পুজো দিলেই না কি রোগ মুক্তি হয়— সেই অন্ধবিশ্বাস বিজ্ঞানের যুগেও অটুট। সংখ্যগুরুই হোক বা সংখ্যালঘু— ধর্মীয় ভেদাভেদ মুছে রোগাক্রান্তরা সকলেই নিরামিষ খাবার খাচ্ছেন। উদাহরণ হিসেবে বলা যায় করিমগঞ্জের নলুয়া গ্রামের আবুল হুসেন (১১), সালেকউদ্দিন (১৩) ও তাদের বাবা ফরিজউদ্দিনের নাম। ফয়াজউদ্দিন নামে এক গ্রামবাসী জানান, তাঁর সন্তানরাও বসন্তরোগ আক্রান্ত। তাই তাঁরাও বাড়িতে আমিষ খাবার বন্ধ করেছেন। এ সবের পিছনে বৈজ্ঞানিক কোনও কারণ রয়েছে কি না, তা তাঁরা জানেন না। কিন্তু তাঁদেরও বিশ্বাস, দেবী শীতলার আবির্ভাবেই এই রোগ হয়েছে।

উপহারবিধি

বিনামূল্যে যাতায়াত বা কোথাও থাকার বন্দোবস্ত— এই রকম কোনও সুবিধা উপহার হিসেবে পেলে তা গ্রহণ করার আগে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে আইএএস এবং আইপিএস পদমর্যাদার অফিসারদের। সম্প্রতি দেশে এই কর্মীদের চাকরির নিয়মে কিছু সংশোধন করা হয়েছে। আর তাতেই বলা হয়েছে ৫ হাজার টাকার উপরে কোনও যাত্রা বা কোথাও থাকার সুবিধা উপহার পেলে সরকারকে তা আগাম জানাতে হবে। আত্মীয় বা বন্ধুদের কাছে থেকে ২৫ হাজার টাকার বেশি মূল্যের উপহার পেলে তা-ও জানাতে হবে। সংশোধিত নিয়ম বলছে, বিয়ে, বিবাহবার্ষিকী শ্রাদ্ধ বা কোনও ধর্মীয় অনুষ্ঠানে পাওয়া উপহার ২৫ হাজারের কোঠা পেরিয়ে গেলে সরকারকে জানাতে হবে।

চোরের খোঁজে তল্লাশি

এটিএম লুঠের ঘটনায় করিমগঞ্জের সুপ্রাকান্দির বিশু দাসকে খুঁজছে শিলচর পুলিশ। গত রাতে সুপ্রাকান্দিতে অভিযান চালায় পুলিশ। কিন্তু আগেই গা-ঢাকা দেয় বিশু। তদন্তকারীরা জানিয়েছেন, বিশু শারিরীক প্রতিবন্ধী। শিলচরের একটি কারখানায় কাজ করত। সেখানেই পঞ্জাবের সতনাম সিংহের সঙ্গে তার পরিচয় হয়। শিলচরের ক্লাব রোডে একটি এটিএমের উপর তাদের নজর পড়ে। গ্যাস-কাটার দিয়ে এটিএম ভাঙার সময়ই নিরাপত্তারক্ষীরা এক দুষ্কৃতীকে ধরে ফেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement